সোনা পাপ্পু মামলায় বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাস এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেআইনি আর্থিক লেনদেন ও দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে এই পদক্ষেপ করেছে ইডি। বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় রয়েছে কলকাতার তিনটি বিলাসবহুল ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে একটি জমি।
সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার সংক্রান্ত জমি দখল মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন এই পুলিশকর্তা। বর্তমানে তিনি জেলবন্দি। এবার তাঁর ও পরিবারের নামে থাকা সম্পত্তির উৎস খতিয়ে দেখে তা সাময়িকভাবে বাজেয়াপ্ত করল ইডি। তদন্তকারীদের নজরে রয়েছে সম্পত্তি কেনার অর্থের উৎস এবং তার সঙ্গে জমি দখল চক্রের যোগসূত্র।
মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিংহ বিশ্বাসের পৈতৃক বাড়ি। কান্দি পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। কর্মজীবনে কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। কালীঘাট থানার ওসি হিসেবেও কর্মরত ছিলেন। অভিযোগ, পুলিশি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জমি দখল এবং বেআইনি আর্থিক লেনদেনে জড়িত ছিলেন তিনি।
এদিকে, শান্তনুর বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে পৃথক মামলাও দায়ের করেছে কলকাতা পুলিশ। অভিযোগ, দায়িত্বে থাকাকালীন বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীকে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ২ কোটি ৮৯ লক্ষ টাকারও বেশি আর্থিক সুবিধা নিয়েছিলেন তিনি।
তদন্তে উঠে এসেছে, সোনা পাপ্পু এবং ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে যোগসাজশ করে কলকাতার একাধিক মূল্যবান জমি দখলের অভিযোগ রয়েছে শান্তনুর বিরুদ্ধে। জমির মালিকদের ভয় দেখানো এবং তাঁদের উপর চাপ সৃষ্টি করতে পুলিশি পদ ব্যবহার করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। ইডির দাবি, এই চক্রের মাধ্যমে কলকাতার বিভিন্ন এলাকায় জমি দখল করে অন্তত ৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
ইতিমধ্যেই জমি দখল মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাঁর ও পরিবারের নামে থাকা ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপে তদন্তে নতুন মাত্রা যোগ হল।




