• facebook
  • twitter
  • youtube
Monday, 16 November, 2026

পৃথিবীর নতুন চাঁদ, মাধ্যাকর্ষণের টানে বাঁধা পড়ল ছোট্ট গ্রহাণু

পৃথিবীর আকাশে নতুন একটি চাঁদের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। ২০২৬ কিউকিউ৮ নামের এই ছোট গ্রহাণুটি কতদিন থাকবে পৃথিবীর কাছে? জানুন বিশদে।

পৃথিবীর নতুন চাঁদ, মাধ্যাকর্ষণের টানে বাঁধা পড়ল ছোট্ট গ্রহাণু

Earth has gained a temporary second moon (Image: X/@Dexerto)

পৃথিবীর আকাশে সত্যিই দেখা দিল আরও একটি চাঁদ (Second Moon) । জল্পনা নয়, আনুষ্ঠানিক ঘোষণায় খবরটা নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। একটি ক্ষুদ্র গ্রহাণু (Asteroid) পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে ধরা পড়েছে। এখন সেটি ‘মিনি মুন’ (Mini Moon) হয়ে আমাদের গ্রহকে ঘিরে পাক খাচ্ছে। তবে এই চাঁদ স্থায়ী নয়, কিছুদিনের অতিথি মাত্র।

নতুন অতিথির পরিচয়

এই উপগ্রহের নাম ২০২৬ কিউকিউ৮ (2026 QQ8) । ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার আনুষ্ঠানিকভাবে এর কথা জানিয়েছে। আকারে এটি খুবই ছোট। ব্যাস মাত্র ১ থেকে ২ মিটার, অর্থাৎ তিন থেকে ছ’ফুট। তাই শক্তিশালী টেলিস্কোপ ছাড়া একে দেখার কোনও উপায় নেই।

কবে, কীভাবে ধরা পড়ল

বিজ্ঞানীদের হিসেবে, চলতি বছরের এপ্রিলেই গ্রহাণুটি পৃথিবীর মাধ্যাকর্ষণের আওতায় চলে আসে। কিন্তু তার অস্তিত্ব প্রথম নজরে আসে আগস্টে। হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান সারনেস্কি প্রথম এর খোঁজ পান। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই চাঁদ বেশিদিন থাকবে না। বছরের শেষে অথবা ২০২৭ সালের জানুয়ারিতেই পৃথিবীর টান কাটিয়ে ফের মহাশূন্যে পাড়ি দেবে সে।

পৃথিবীর কি কোনও বিপদ আছে

না, ভয়ের কিছু নেই। বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন, আশঙ্কার কোনও কারণ নেই। পৃথিবী থেকে এর দূরত্ব কয়েক লক্ষ কিলোমিটার। সবচেয়ে কাছে এসেছিল ৫ লক্ষ ৩৭ হাজার কিলোমিটার দূরে। উল্লেখ্য, আমাদের চিরচেনা চাঁদ রয়েছে পৃথিবী থেকে প্রায় ৩.৮৪ লক্ষ কিমি দূরে। অর্থাৎ  একে তো এই নতুন চাঁদের সূরত্ব অনেক বেশি, পাশাপাশি এর আকার এতটাই ছোট যে, কোনও কারণে বায়ুমণ্ডলে ঢুকে পড়লেও সঙ্গে সঙ্গে জ্বলে ছাই হয়ে যাবে।