• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

১৬ মামলায় ধাক্কা, ৩-এ রক্ষাকবচ! অভিষেকের বাকি মামলায় আবেদন খারিজ হাইকোর্টের

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি ইতিমধ্যেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ১০ আগস্ট সেই অনুমতি দেওয়া হলেও বিভিন্ন কারণে এখনও বিদেশযাত্রা করতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১৬ মামলায় ধাক্কা, ৩-এ রক্ষাকবচ! অভিষেকের বাকি মামলায় আবেদন খারিজ হাইকোর্টের

File Photo

কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়েরের অভিযোগ তুলে প্রতিটি মামলাতেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু মঙ্গলবার ১৬টি মামলার মধ্যে মাত্র তিনটিতে আগের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বাকি মামলাগুলিতে আদালতের সামনে পর্যাপ্ত তথ্য না থাকায় কোনও হস্তক্ষেপ করলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে সবকটি মামলা একসঙ্গে বিবেচনা করা সম্ভব নয় বলে জানাল আদালত।

ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালিতলা এই তিনটি মামলায় আপাতত অভিষেকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা যাবে না। এই তিনটি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রক্ষাকবচের মেয়াদও বৃদ্ধি করেছে আদালত। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর রক্ষাকবচ বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছে আদালত। অভিষেককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তদন্তকারী আধিকারিকদের অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া অভিষেক দেশ ছাড়তে পারবেন না। এর পাশাপাশি, আদালতের অনুমতি ছাড়া তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলেও আগের নির্দেশ বহাল রয়েছে।

তবে বিদেশযাত্রার ক্ষেত্রেও নতুন কোনও শর্ত আরোপ করেনি কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি ইতিমধ্যেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ১০ আগস্ট সেই অনুমতি দেওয়া হলেও বিভিন্ন কারণে এখনও বিদেশযাত্রা করতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়, বিদেশে গিয়ে তিনি আর দেশে নাও ফিরতে পারেন। সেই যুক্তিতে তীব্র আপত্তি জানানো হয়।

আরও পড়ুন: পুজোর অধিকার রক্ষায় হাইকোর্টের দরজায় সেবায়েতরা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা

কিন্তু রাজ্যের সেই আবেদন খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে জানান, বিদেশযাত্রার বিষয়ে সুপ্রিম কোর্ট যে শর্তগুলি দিয়েছিল, আপাতত সেগুলিই বহাল থাকবে। নতুন করে কোনও শর্ত আরোপ করা হবে না। অর্থাৎ, ১৬টি মামলায় রক্ষাকবচ চাইলেও তিনটি মামলাতেই আপাতত স্বস্তি পেলেন অভিষেক। বাকি ১৩টি মামলায় আদালতের হস্তক্ষেপ না মেলায় তাঁর আইনি লড়াই আরও জটিল হল বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।