• facebook
  • twitter
  • youtube
Friday, 10 July, 2026

অভিষেককে চূড়ান্ত হুশিয়ারি বিচারপতির, কণ্ঠস্বরের নমুনা দিন, না হলে রক্ষাকবচ প্রত্যাহার

হাইকোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন বলে জানানো হয়েছে

অভিষেককে চূড়ান্ত হুশিয়ারি বিচারপতির, কণ্ঠস্বরের নমুনা দিন, না হলে রক্ষাকবচ প্রত্যাহার

Photo: Representational Image

কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় বিধাননগর আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে আদালতের নির্দেশ পালন না করায় বিচারপতি সৌগত ভট্টাচার্য তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহার করা হতে পারে বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিচারপতি। 

এর আগে, গত ২৩ জুন বিধাননগর আদালতের ম্যাজিস্ট্রেট অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত দিনে তিনি হাজির হননি। এমনকি সিআইডি আধিকারিকেরা তাঁর জন্য প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করলেও তিনি উপস্থিত হননি। এরপর বিষয়টি কলকাতা হাইকোর্টে নজরে আনেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার।

শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তদন্তে সহযোগিতা করা আদালতের দেওয়া রক্ষাকবচের অন্যতম শর্ত। তিনি বলেন, ‘সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব। পুলিশের নোটিসে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন। না হলে মামলা খারিজ করে দেওয়া হবে এবং জরিমানাও করা হতে পারে।‘

বিচারপতি আরও বলেন, সংবিধানের ২২৬ ধারার অধীনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সুরক্ষা দেওয়া হয়েছিল, তা শর্তসাপেক্ষ। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করাও সেই সহযোগিতারই অংশ বলে জানান তিনি। একই বিষয়ে বারবার পৃথক মামলা দায়ের করায় আদালত অভিষেকের আইনজীবীকেও ভর্ৎসনা করে।

অভিষেকের পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, তাঁর মক্কেল সংশ্লিষ্ট বক্তব্য এবং কণ্ঠস্বর নিজের বলেই স্বীকার করছেন। তাই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পাশাপাশি তিনি দাবি করেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশ জারির আগে অভিষেকের বক্তব্য শোনা হয়নি এবং সেই নির্দেশকেই আইনি চ্যালেঞ্জ জানানো হয়েছিল।

তবে বিচারপতির পর্যবেক্ষণের পর অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশের ব্যাখ্যা বুঝতে তাঁদের ভুল হয়েছে। এরপর তিনি মামলাটি প্রত্যাহারের অনুমতি চান। পাশাপাশি আবেদন করেন, এই মামলার জন্য দেওয়া কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনও মামলায় ব্যবহার না করা হয়। যদিও এই বিষয়ে আদালত কোনও মন্তব্য করেনি।

হাইকোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন বলে জানানো হয়েছে। শুনানিতে আরেকটি বিষয়ও উঠে আসে। অভিষেকের আইনজীবী আদালতের কাছে আবেদন জানান, কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার সময় তাঁর মক্কেলকে লক্ষ্য করে যেন কেউ ডিম না ছোঁড়ে। আদালত জানায়, এ ধরনের ঘটনা হওয়া উচিত নয় এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতকে আশ্বস্ত করেন যে, এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।