হঠাৎই প্রচন্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক বসতিতে। শুক্রবার দুপুরে নিউটাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার বসতিতে পরপর সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলে খবর দেওয়া হলে দমকল কর্মীরা এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভান। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ ওই এলাকায় আগুন লাগার খবর পাওয়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায়। আগুনের গ্রাসে প্রায় ২০ থেকে ২৫ টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কীভাবে সেখানে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। বাগুইআটি থানা ও ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। রাজারহাট নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়াও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। তিনি সেখানে গিয়ে দমকলকর্মীদের সঙ্গে কথা বলেন।
স্থানীয় বাসিন্দারা বিধায়ককে দেখে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, এই ঝুপড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা এর আগেও ঘটেছে। বহুবার এই ঝুপড়িতে আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দারা বারবার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ শোনার পরে বিধায়ক বলেন, ‘এই ঝুপড়ি এলাকা খালি করার কথা অনেক আগে থেকেই বলা হচ্ছে। কিন্তু কেউ কথা শুনছে না। আজকে এমন একটা বিপদ ঘটে গেল।’
স্থানীয়দের অভিযোগ, এখানে বেশিরভাগ বাড়িই টিনের। ওই ঝুপড়িতে যাঁরা বসবাস করেন, কেউ ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন। স্থানীয়দের দাবি, প্রায় ১৫০-২০০ জন ঝুপড়িতে বাস করেন। আগুন লাগার কারণ জানতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।




