মধ্য চিনে একটি আবাসিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় অন্ততপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌতে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় দমকল এবং উদ্ধারকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৭টা ৫১ মিনিট নাগাদ ঝেংঝৌর হুইজি জেলার একটি আবাসনে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।
আগুন নেভানোর পর তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকারীরা আহত ও আটকে পড়া বাসিন্দাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৫ জনকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালেই আহত একজনের চিকিৎসা চলছে। হাসপাতালে সূত্রের খবর, আহত ব্যক্তির শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল।
দমকলের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনে প্রায় ১৫ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় প্রশাসন। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এর পাশাপাশি আগুন লাগার পিছনে অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগেই হুনান প্রদেশের শিয়াংশি তুজিয়া ও মিয়াও স্বশাসিত অঞ্চলের লুক্সি কাউন্টিতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছিল। পরপর দুদিন এরকম অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে চিনে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।




