• facebook
  • twitter
  • youtube
Tuesday, 7 July, 2026

বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ মমতা

এই ঘটনার তদন্তে সিটও গঠন করা হয়েছে। এর মধ্যে এই নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবারই কালীঘাটে পথে নেমে মোমবাতি মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ মমতা

Photo: Statesman

বারুইপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে সোচ্চার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দারস্থ হল কালীঘাট তৃণমূল। বুধবার মিছিল করার অনুমতি চেয়ে কালীঘাট তৃণমূল হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মঙ্গলবার দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন জানিয়েছেন। বুধবারের এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন বলে জানা গিয়েছে। কালীঘাট তৃণমূলের অভিযোগ, পুলিশের কাছ থেকে তারা এই মিছিলের জন্য অনুমতি পাচ্ছেন না। এদিন হাইকোর্টে সে কথা জানিয়েছেন কালীঘাটের তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। তবে বর্তমান সরকারও দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে মূল অভিযুক্ত-সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনার তদন্তে সিটও গঠন করা হয়েছে। এর মধ্যে এই নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবারই কালীঘাটে পথে নেমে মোমবাতি মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রীয় বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল আটকে দিয়েছিল। যদিও ব্যারিকেড পেরিয়ে তৃণমূল নেত্রী ও তাঁর অনুগামীরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মিছিল নিয়ে যান।

সোমবারের পর ফের বুধবার কালীঘাট তৃণমূল পথে নামতে চাইছে। তবে শুধু বারুইপুরের ঘটনা নয়। আদালত সূত্রের খবর, বুধবার, ৮ জুলাই বারুইপুর কাণ্ড-সহ একাধিক ঘটনার প্রতিবাদে কালীঘাট তৃণমূল পথে নামতে চাইছে। ওইদিন বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্স ডাউন মার্কেট পর্যন্ত হাইকোর্টের কাছে মিছিলের অনুমতি চেয়েছে কালীঘাট তৃণমূল।

উল্লেখ্য, তৎকালীন সরকারের আমলে অভয়া কাণ্ডের মতো একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল। কিন্তু সবক্ষেত্রেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়গুলিকে ছোট ঘটনা বলে বারবার উল্লেখ করেছিলেন। এমনকী অভয়া কাণ্ডের সময়ে তিনি সবাইকে আন্দোলন ভুলে উৎসবে ফিরতে বলেছিলেন। এবার বারুইপুর কাণ্ডে সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল পথে নামতে।