দক্ষিণ কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর। তার উপর জাতীয় লেকের তকমাও আছে রবীন্দ্র সরোবরের কাছে। সেখানে কোনওরকম দূষণ করা যায় না। সামনেই ছটপুজো। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে বলে দাবি করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তা নিয়ে বিস্তর বিতর্ক দেখা দেয় রাজ্য সরকারের সঙ্গে পরিবেশবিদদের। রবীন্দ্র সরোবরে ছটপুজো হবে কিনা তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু এবার দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে ছটপুজো পালনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার।
কেএমডিএ’র পক্ষ থেকে রবীন্দ্র সরোবরের একাধিক গেটে এবার ব্যানার ঝুলিয়ে দেওয়া হল। সেখানে উক্ত সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যানারে লেখা রয়েছে, আগামী ১৪ নভেম্বর দুপুর ২টো থেকে ১৬ নভেম্বর দুপুর ২টো পর্যন্ত রবীন্দ্র সরোবরে সাধারণের প্রবেশ নিষেধ। কারণ রবীন্দ্র সরোবর বন্ধ থাকবে। বিলম্ব হলেও রবীন্দ্র সরোবরের পরিবেশ ও সেখানকার প্রাণীদের বাঁচানো যে দরকার, সেটা মেনে নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর কেএমডিএ’র পক্ষ থেকে এই ব্যানার টাঙিয়ে দেওয়ায় সব গুঞ্জনে জল পড়ল বলে মনে করা হচ্ছে।
গত বছরগুলিতে ছটপুজোর সময় রবীন্দ্র সরোবর চত্বরে পুণ্যার্থীদের ভিড় এবং দেদার বাজি ফাটানোর জেরে সেখানকার শান্ত পরিবেশ বিঘ্নিত হয়েছিল। শব্দ ও বায়ুদূষণের জেরে রবীন্দ্র সরোবরের স্থায়ী বাসিন্দা-সহ পাখি, মাছ এবং অন্যান্য প্রাণীদের জীবন চরম বিপদের মুখে পড়ত বলে শুক্রবার মেনে নিয়েছেন পুরমন্ত্রী। তাই এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো হবে না। আগেও সেখানে ছটপুজো করতে দেয়নি গত তৃণমূল সরকার। কারণ সেটা নিয়ে পরিবেশ আদালতের রায় ছিল। কদিন আগে গত তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পুরমন্ত্রী বলেছিলেন, গত সরকারের আমলে শুধু রাজনীতির কারণেই হিন্দুদের এই পবিত্র উৎসব বন্ধ করে রাখা হয়েছিল। তবে এবার সেই নিষেধাজ্ঞা কাটিয়ে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরেও ছটপুজো পালনের অনুমতি দেওয়া হচ্ছে। গঙ্গার ঘাটগুলিতে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুবিধার্থে একগুচ্ছ বিশেষ গাইডলাইন বা নির্দেশিকাও প্রকাশ করেছেন পুরমন্ত্রী।
তাছাড়া ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতির কথা তুলে ধরে অগ্নিমিত্রা পাল জানান, এবার শহরের প্রত্যেকটি পুকুর, লেক এবং গঙ্গার ঘাটেই ছটপুজো পালিত হবে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে পুকুরগুলিতে পেভার ব্লক বসিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করা হবে। প্রত্যেকটি ঘাটেই মহিলা এবং পুরুষদের জন্য পর্যাপ্ত চেঞ্জিং রুম ও বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে। পুণ্যার্থীদের কথা ভেবে ঘাট চত্বরে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সহজে পথ চিনতে বিভিন্ন এলাকায় দিকনির্দেশক সাইনবোর্ড টাঙানো হবে। যে কোনও জরুরি পরিস্থিতিতে তৎক্ষণাৎ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য ইমারজেন্সি নম্বরের ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।




