বক্সা ব্যাঘ্র প্রকল্পের তিন বছরের বাঘিনিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই তদন্ত শুরু করল দিল্লির কেন্দ্রীয় দল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাঁও। বাঘিনিটিকে বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় নিয়ে আসা হয়েছিল। এর কয়েকদিন পর এনক্লোজার থেকে বেরিয়ে বাঘিনিটি আসামের রাইমোনা জাতীয় উদ্যানে চলে যায়। পরে তাকে বক্সায় ফিরিয়ে আনা হয়। পুরো ঘটনাক্রমটি খতিয়ে দেখবে কেন্দ্রীয় দল।
বৃহস্পতিবার আলিপুরদুয়ারের মাদারিহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী বলেন, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পে বাঘিনিটিকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে অচেতনা করা থেকে শুরু করে তাকে নিয়ে আসা এবং পরবর্তী গতিবিধি—সব দিকই তদন্তের আওতায় আনা হবে।
এদিকে, বাঘিনিটার গর্ভপাত হয়েছে এবং তিনটি ভ্রূণ উদ্ধার হয়ে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরে প্রশ্ন উঠেছে। তবে এই বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনও তথ্য নেই বললে জানিয়েছেন ওরাঁও। তাঁর কথায়, ‘কী ঘটেছে, তা বলার মতো অবস্থায় আমরা নেই। কোনও ভ্রূণ উদ্ধারের খবর আমাদের কাছে নেই। কোথায় সেগুলি পাওয়া গিয়েছে, কে উদ্ধার করেছেন, সে বিষয়েও আমরা কিছু জানি না। কেন্দ্রীয় দল তদন্তের পর হয়তো বিষয়টি নিশ্চিত করতে পারবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনও মন্তব্য করতে পারি না।‘
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা বক্সার বাঘিনি, গর্ভেই কি মৃত্যু তিন শাবকের? প্রশ্নের মুখে বন্যপ্রাণ সুরক্ষা
বনমন্ত্রী জানান, বিষয়টি কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারই গুরুত্ব দিয়ে দেখছে। কেন্দ্রীয় দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ)-র নামে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়েও এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি। তদন্তেই প্রকৃত ঘটনা সামনে আসবে বলে তাঁর বক্তব্য।
ওরাঁও আরও জানান, বক্সায় আনার আগে নির্দিষ্ট নির্দেশিকা মেনেই বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পে বাঘিনিটির শারীরিক পরীক্ষা করা হয়েছিল। বর্তমানে সে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় রয়েছে। সেখানে ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবে খাবারও খাচ্ছে সে।
বাঘিনিটিকে নিজের বিচরণক্ষেত্র তৈরি করার জন্য পর্যাপ্ত সময় ও জায়গা দেওয়ার আবেদন জানিয়েছেন বনমন্ত্রী। তাঁর কথায়, কোর এলাকার মধ্যে প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার এলাকা তার অবাধ বিচরণের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ওরাঁও বলেন, ‘গরু, ছাগল বা ভেড়াকেও আমরা সব সময় নিয়ন্ত্রণ করতে পারি না। সেখানে তিন বছরের একটি শক্তিশালী বাঘিনিকে কী ভাবে নিয়ন্ত্রণ করব? নিজের এলাকা তৈরি করে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাকে অন্তত পাঁচ থেকে দশ কিলোমিটার জায়গা দিতে হবে। আপাতত সে নির্দিষ্ট এলাকার মধ্যেই ঘোরাফেরা করছে।‘
বক্সায় বাঘের পুরনো বাসস্থান ও সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে বাঘিনি নিয়ে আসার যে উদ্যোগ, তা সঠিক পথেই এগোচ্ছে বলে আশাবাদী বনমন্ত্রী। তবে বক্সার ভৌগোলিক অবস্থানের কারণে বাঘিনিটির গতিবিধির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। কারণ, এই ব্যাঘ্র প্রকল্পের কাছেই রয়েছে আসাম, ভুটান এবং একাধিক জনবসতি।
আরও পড়ুন: বক্সার এনক্লোজার ভেঙে ফের আসামের পথে বাঘিনি, রেডিও কলারের সিগন্যাল উধাও
মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ওরাঁও। তিনি বলেন, বাঘিনি যাতে লোকালয়ে ঢুকে না পড়ে, সে জন্য বন দপ্তরের আধিকারিক, কর্মী ও শ্রমিকেরা দিনরাত তার গতিবিধির উপর নজর রাখছেন। বাঘিনি যদি কোনও জনবসতিতে ঢুকে পড়ে, তা হলে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাও বন দফতরের দায়িত্ব।
বাঘিনিটির গতিবিধি নিয়ে সমালোচনার জবাবে বনমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবে চলাফেরা এবং নিজের বিচরণক্ষেত্র তৈরি করার জন্য বন্যপ্রাণীকে পর্যাপ্ত জায়গা দেওয়া প্রয়োজন। একই সঙ্গে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত এড়াতে প্রয়োজনীয় সতর্কতাও নেওয়া হচ্ছে।
বন দপ্তরের কর্মীর অভাব নিয়েও মুখ খুলেছেন মন্ত্রী।নজরদারি ও কাজকর্ম আরও জোরদার করতে পুলিশ কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরদের (এএসআই) সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবারের বৈঠকে ওই অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের ক্রমবর্ধমান সমস্যাও আলোচনায় উঠে আসে। কী ভাবে এই ধরনের ঘটনা ঠেকানো যায় এবং একই সঙ্গে মানুষ ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান বনমন্ত্রী।
দেখুন:




