সরকারি স্কুলের শিক্ষকদের সপ্তাহের কাজের পাশাপাশি সপ্তাহান্তে জনগণনা বা সেন্সাস এর কাজে যুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল রাজ্য। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে, শিক্ষকদের সপ্তাহান্তে সেন্সাস এর কাজে পাঠানোর যে নোটিস দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে।
মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন তোলে। রাজ্যের বক্তব্য ছিল, স্কুলের নিয়মিত কাজ ব্যাহত না করে সপ্তাহান্তে শিক্ষকদের দিয়ে সেন্সাস -এর কাজ করানো হবে। অন্য দিকে, কেন্দ্রের তরফে শিক্ষকদের স্কুল চলাকালীন সপ্তাহের কর্মদিবসেই সেন্সাস -এর কাজে ব্যবহারের কথা বলা হয়েছিল।
এই দুই অবস্থানের মধ্যে সমন্বয় না হওয়ায় জটিলতা তৈরি হয়। সেই পরিস্থিতিতেই এবার আগের নির্দেশ প্রত্যাহারের কথা জানাল রাজ্য।
তবে শিক্ষকদের সেন্সাস এর কাজ থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হচ্ছে না। নতুন সময়সূচি অনুযায়ী তাঁদের কী ভাবে এবং কখন সেন্সাস এর দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে Census Board-এর নির্দেশের অপেক্ষায় রয়েছে আদালত।
মামলার শুনানি আপাতত মুলতুবি রেখেছে হাইকোর্ট। Census Board-এর কাছ থেকে সংশোধিত সময়সূচি ও শিক্ষকদের দায়িত্ব বণ্টন সংক্রান্ত নির্দেশ পাওয়ার পর পরবর্তী শুনানিতে বিষয়টি ফের বিবেচনা করবে আদালত।




