• facebook
  • twitter
  • youtube
Tuesday, 24 November, 2026

বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, তারেক সরকারের কাছে বিমানের আর্জি

তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাসিনার

বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, তারেক সরকারের কাছে বিমানের আর্জি

Image: IANS

১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশে ফেরার সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাসিনার। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হচ্ছে, সে সময় দেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করলেন তিনি।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযু্দ্ধের অবসান হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিই প্রতিবছর বিজয় দিবস হিসেবে বাংলাদেশে পালন করা হয়।  সেই দিনটিকে দেসে ফেরার জন্য বেছে নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা।

রয়টার্সকে তাঁর মুখপাত্র জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে বিমান করে ভারতে চলে আসেন হাসিনা। তাই তাঁকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশের সরকারেরই বিমানের ব্যবস্থা করা উচিত। আওয়ামী লীগ নেত্রীর ইচ্ছা, সরকারি উড়ান সংস্থা ‘বিমান বাংলাদেশ’-এর বিমানে দিল্লি থেকে ঢাকা ফিরবেন। এ বিষয়ে তারেক রহমানে সরকারের কাছে আর্জিও জানিয়েছেন মুজিবুর কন্যা।

আরও পড়ুন: বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ২৪৭টি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, পদক্ষেপের দাবি মানবাধিকার সংগঠনের

যদিও হাসিনার প্রত্যাবর্তন নিয়েও এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশে সরকার। তবে বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করা হবে। তাঁকে ফেরানোর জন্য ভারতের সঙ্গে কোনও বিমান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও দাবি করেছেন ওই মন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মহম্মদ আমিনুল ইসলামের দাবি, দেশে ফিরলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে তাঁকে। যদিও হাসিনা আগেই জানিয়েছেন, গ্রেপ্তারি কিংবা মৃত্যুভয় তাঁকে দেশে ফেরা থেকে আটকাতে পারবে না।

আরও পড়ুন: বাংলাদেশে অশান্তির আগুন, পরিস্থিতি সামাল দিতে বিরোধীদের সঙ্গে বৈঠকের উদ্যোগ তারেকের

২০২৪ সালের আগস্টে ছাত্রবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকেই ভারতে রয়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে লক করা হয় তাঁর জাতীয় পরিচয়পত্রও।

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে ৯ নভেম্বর দিল্লির বাংলাদেশ দূতাবাসে মাধ্যমে ঢাকাকে চিঠি দিয়েছিলেন হাসিনা। উত্তর না মেলায় ১৯ নভেম্বর দ্বিতীয় বার চিঠি পাঠান তিনি। বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার আবেদন জানানো হয়েছে। ভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবী স্টিভেন পাওয়েলস হাসিনার হয়ে আইনি লড়াই চালাচ্ছেন। তাঁর বৈধ প্রতিনিধি হওয়ার প্রমাণ চেয়েছিল ঢাকা। দ্বিতীয় চিঠির সঙ্গে সেই বিষয়ে নথিও জমা দেওয়া হয়েছে।

দেখুন: