বাংলাদেশে ফের রাজনৈতিক হিংসার অভিযোগ। আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ। শাসকদল বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে রয়েছে অভিযোগের তির। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দাবি, গত ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে দেশের ২২টি জেলার ৩৩টি এলাকায় কমপক্ষে ২৪৭টি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছে ফ্রান্সের মানবাধিকার সংগঠন ‘জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স’।
সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সংগঠনের নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে এই হামলার ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক করা একটি বক্তব্যের পর আওয়ামী লীগের নেত-কর্মীদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনা আরও বেড়েছে।
গত ১৮ নভেম্বর সংসদের অধিবেশন শেষ হওয়ার পর ভাষণ দিতে গিয়ে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলিকে ‘সন্ত্রাসবাদী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি, সাধারণ মানুষকে তাদের ‘বিষদাঁত ভেঙে’ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এমনই অভিযোগ করেছেন মানবাধিকার সংগঠনটি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জেএমবিএফ। তাদের দাবি, এই ধরনের বক্তব্য রাজনৈতিক হিংসাকে উস্কে দিতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশে অশান্তির আগুন, পরিস্থিতি সামাল দিতে বিরোধীদের সঙ্গে বৈঠকের উদ্যোগ তারেকের
সংগঠনটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে প্রকাশ্যে এই হামলার নিন্দা করার এবং রাজনৈতিক পরিচয়ের কারণে প্রতিহিংসামূলক আচরণ বন্ধের আবেদন জানিয়েছে। পাশাপাশি, যাঁরা রাজনৈতিক পরিচয়ের কারণে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে।
বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর জারি থাকা নিষেধাজ্ঞা নিয়েও আপত্তি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। গত বছর একটি ‘অসাংবিধানিক প্রশাসনিক নির্দেশের’ মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে অভিযোগ তাদের। অবিলম্বে সেই নির্দেশ প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধান, মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণাপত্র এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তিতে স্বীকৃত সংগঠন, শান্তিপূর্ণ জমায়েত এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারের পরিপন্থী।
জেএমবিএফের প্রতিষ্ঠাতা সভাপতি শাহানুর ইসলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিংসার প্রভাব তুলে ধরে বলেন, পটুয়াখালিতে এক মা তাঁর ১৮ মাসের শিশুকে নিয়ে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কালিয়ায় বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। পড়ুয়ারা হারিয়েছে তাদের বইপত্র। রাজনৈতিক পরিচয়ের কারণে কারও বাড়ি বা জীবিকা হারানোর আশঙ্কা তৈরি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের ছবিতে কালি, বাংলাদেশের খুলনায় কবির ছবি বিকৃত করা হল
শাহানুরের দাবি, আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আওয়ামি লিগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলের সদস্য ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
এ ছাড়া আক্রান্ত পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা, হুমকির ঘটনায় দ্রুত পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের যাতে নিরাপদে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জেএমবিএফ।
এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলির কাছেও বিষয়টি নজরে রাখার আবেদন জানিয়েছে তারা। বাংলাদেশের কর্তৃপক্ষের উপর প্রয়োজনীয় পদক্ষেপের জন্য চাপ তৈরিরও আহ্বান জানানো হয়েছে।
দেখুন:




