• facebook
  • twitter
  • youtube
Tuesday, 24 November, 2026

‘ভারতীয় দলে জেতার বিশ্বাসই দেখিনি’– নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র মেনে নেওয়ায় ক্ষুব্ধ অশ্বিন, কাঠগড়ায় গিলের সিদ্ধান্ত

ভারতীয় দলের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, শেষ পর্যন্ত চেষ্টা না করেই হাল ছেড়ে দিয়েছে ভারত

‘ভারতীয় দলে জেতার বিশ্বাসই দেখিনি’– নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র মেনে নেওয়ায় ক্ষুব্ধ অশ্বিন, কাঠগড়ায় গিলের সিদ্ধান্ত

Image: IANS

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে থেকেও শেষ পর্যন্ত জয় অধরা থেকে গিয়েছে ভারতের। প্রথম ইনিংসে বড় রান করে এবং দ্বিতীয় ইনিংসে কিউয়িদের পাঁচ উইকেট তুলে নিয়েও ম্যাচ জিততে পারেনি শুভমান গিলের দল। বলা ভালো, জেতার শেষ চেষ্টাও করেনি তারা। শেষ দিনে নিউজিল্যান্ডের রান যখন ২৩৯/৫, তখনই দুই অধিনায়ক হাত মেলানোর সিদ্ধান্ত নেন। তখন বাকি ছিল আরও ১৫ ওভারের খেলা। ভারতীয় দলের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, শেষ পর্যন্ত চেষ্টা না করেই হাল ছেড়ে দিয়েছে ভারত।

নিজের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন মন্তব্য করেন, ‘আমি চেয়েছিলাম, শেষ ১৫ ওভারও খেলা হোক। কেন হবে না? পাঁচটা উইকেট নিতে হবে, ঠিক আছে। কিন্তু অন্তত আরও ১০ ওভার চেষ্টা করতে পারতে। মেঘলা আকাশে হঠাৎ যে কোনও কিছু ঘটতে পারে। আমি বলছি না যে ভারত নিশ্চিত ভাবেই ম্যাচ জিতত। কিন্তু জেতার জন্য সেই তাগিদটা তো দেখাতে হবে!’

ভারতের প্রাক্তন স্পিনারের মতে, এই পরিস্থিতিতে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলা উচিত ছিল গিলের দলের। বিশেষ করে বিরাট কোহলির অধিনায়কত্বের সময় যে আগ্রাসন দেখা যেত, তার অভাব অনুভব করেছেন তিনি।

আরও পড়ুন: যুবরাজের বাবা যোগরাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পৃথ্বীর, কী নিয়ে বিতর্ক?

তিনি বলেন, ‘বিরাট কোহলির অধিনায়কত্ব থেকে একটা বিষয় শেখার রয়েছে। আমি বলছি না যে অন্য কোনও অধিনায়ক বা বোলার থাকলে নিশ্চিত ভাবে ম্যাচ জিতিয়ে দিতেন। কিন্তু জেতার জন্য তাগিদ দেখানো খুব জরুরি। এই দলে ম্যাচ জেতার সেই বিশ্বাসটা আমি দেখতে পাইনি।’

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের ব্যাটিংয়ের সময় ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। তাঁর অভিযোগ, মিচেল ক্রিজে যথেষ্ট স্বচ্ছন্দ ছিলেন। কখনও সাইটস্ক্রিন নিয়ে কথা বলছিলেন, কখনও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাসিঠাট্টা করছিলেন।

অশ্বিন বলেন, ‘মিচেল ব্যাট করছিল। সাইটস্ক্রিন ঠিক করা নিয়ে নানা কথা বলছিল, আমাদের অধিনায়ক ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিল, হাসছিল, মজা করছিল। আমাদের দলে এমনটা কখনও হত না। যখন আমরা ম্যাচে এগিয়ে থাকতাম, তখন হয়তো হাসিঠাট্টা করতাম। কিন্তু যখন ম্যাচ জেতার লড়াই চলত, তখন আমরা সম্পূর্ণ অন্য রকম থাকতাম। ব্যাটারকে কখনও স্বচ্ছন্দ হয়ে যাওয়ার সুযোগ দেওয়া যায় না। আমাদের ফিল্ডাররাও ব্যাটারের কাছে গিয়ে চাপ তৈরি করছিল না।’

ম্যাচের পর গিল জানিয়েছিলেন, ভারতীয় পেসাররা অনেক ওভার বল করেছেন। সামনে দ্বিতীয় টেস্ট থাকায় তাঁদের অতিরিক্ত পরিশ্রমের মধ্যে ফেলতে চাননি তিনি। কিন্তু এই যুক্তি পুরোপুরি মানতে রাজি নন অশ্বিন।

তাঁর বক্তব্য, ‘কখনও কখনও বাস্তব পরিস্থিতি বুঝতে হয়, সেটা ঠিক। কিন্তু টেস্ট ক্রিকেটের দাবি এটাই। টেস্ট ক্রিকেটারদের এই চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে। যদি মনে হয় বুমরাকে আর বেশি বল করানো যাবে না, তা হলে স্পিনারদের দিয়ে সাত ওভার বল করাও। ব্যাটারদের চারপাশে ফিল্ডার সাজাও। জেতার জন্য তাগিদ দেখাও।’

আরও পড়ুন: এল ক্লাসিকো লিজেন্ডস এর তারকারা ভারতে এসে পৌঁছতেই পারলেন না, আপাতত হচ্ছে না যুবভারতীর ম্যাচ

এর পরেই ভারতীয় দলের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘আমরা ম্যাচে আধিপত্য দেখিয়েছি ঠিকই, কিন্তু কাজটা শেষ করতে পারিনি। শুধু ম্যাচে আধিপত্য দেখানোর জন্য তো কেউ পয়েন্ট দেবে না! পয়েন্ট পাওয়া যায় ম্যাচ জিতলে।’

অশ্বিন অবশ্য মনে করেন না যে শেষ ১৫ ওভার খেললেই ভারত নিশ্চিত ভাবে জয় পেত। তাঁর আপত্তি, জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন শেষ পর্যন্ত চেষ্টা করা হল না। এই ড্রয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আরও চাপে পড়েছে ভারত। আগামী ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে গিলের দল। তার আগে অশ্বিনের এই মন্তব্য ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

দেখুন: