• facebook
  • twitter
  • youtube
Tuesday, 24 November, 2026

হাসিনার দেশে ফেরার আগে তারেকের সঙ্গে বৈঠক নাহিদের, ফের ভারত-বিরোধী সুর!

সোমবার নাহিদ ও তাঁর এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি

হাসিনার দেশে ফেরার আগে তারেকের সঙ্গে বৈঠক নাহিদের, ফের ভারত-বিরোধী সুর!

Image: IANS

১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে তাঁর মুখপাত্র জানিয়েছেন, বিজয় দিবসেই দেশে ফিরতে চান আওয়ামী লীগ নেত্রী। আর হাসিনার এই ঘোষণার ঠিক আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন হাসিনা-বিরোধী আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। সেই বৈঠক থেকেই ফের ভারত-বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও তুলেছেন।

বাংলাদেশের চলতি অশান্ত পরিস্থিতি সামাল দিতে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন তারেক রহমান। সেই সূত্রেই সোমবার নাহিদ ও তাঁর এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে নাহিদ বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনগণ এবং রাজনৈতিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর অভিযোগ, বাংলাদেশে ঘটে চলা বিভিন্ন ঘটনার সঙ্গে ভারতের সরাসরি যোগ রয়েছে।

আরও পড়ুন: বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, তারেক সরকারের কাছে বিমানের আর্জি

বাংলাদেশের সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগ এবং ভারত সম্পর্কে ভবিষ্যতে বাংলাদেশের সরকারের অবস্থান কী হবে, তা নিয়েও তারেকের কাছে স্পষ্ট রূপরেখা চেয়েছেন নাহিদ। তাঁর বক্তব্য, এই দুই বিষয়কে কেবল ডিসেম্বর মাসের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আগামী দিনের জন্য চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

উল্লেখ্য, সোমবার রাতে নাহিদের এই মন্তব্যের সময় হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ প্রকাশ্যে আসেনি। শুধু জানা গিয়েছিল, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা। মঙ্গলবার সকালে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান মুজিবুর কন্যা। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান হয়েছিল ওই দিন। সেই স্মরণেই প্রতিবছর বিজয় দিবস পালন করে বাংলাদেশ। তবে হাসিনা কীভাবে দেশে ফিরবেন এবং তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সরকারের ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ২৪৭টি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, পদক্ষেপের দাবি মানবাধিকার সংগঠনের

এদিকে বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের কথা সামনে আসতেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একাধিক জায়গায় বিক্ষোভ, অবরোধের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন ধরানোর অভিযোগও উঠেছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হাসিনার দেশে ফেরার ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় কি না, এখন সেটাই দেখার।

দেখুন: