বিহারের নালন্দা জেলায় ঘটে যাওয়া এক ন্যক্কারজনক ঘটনা ফের সামনে আনল সমাজে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের ছবি। অভিযোগ, নুরসরাই থানার অন্তর্গত একটি গ্রামে এক বিবাহিত মহিলাকে প্রকাশ্যে শ্লীলতাহানি করে গণধর্ষণের চেষ্টা করে ৩ জন দুষ্কৃতী।
আরও বিস্ময়কর, ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত থাকলেও কোনও সাহায্য মেলেনি। তাঁরা তখন সেই মুহূর্তের ভিডিও করতেই বেশি ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। বিজেপি জোটশাসিত ডবল ইঞ্জিন সরকারে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
Advertisement
ঘটনাটি ২৬ মার্চ সন্ধ্যার সময় ঘটে। নির্যাতিতা ওই মহিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাঁকে জোর করে আটকায়। প্রতিবাদ করায় তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং তার পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে।
Advertisement
মহিলা চিৎকার করে সাহায্য চাইলে আশেপাশে লোক জড়ো হয়ে যায়। কিন্তু কেউ এগিয়ে আসেননি। প্রকাশ্যেই তাঁর উপর নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেখানে তখন যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা এই অশালীন আচরণের ভিডিও তুলতেই বেশি ব্যস্ত ছিলেন বলে অভিযোগ।
এই ঘটনার ভিডিও এরপর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জনমতের চাপে পুলিশ দ্রুত পদক্ষেপ করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে এখনও একজন অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে অভিযুক্তদের পরিচয় জানা গিয়েছে। তারা হল পুনা যাদবের ছেলে অশোক যাদব এবং প্রয়াত হরিহর মাহতোর ছেলে মাতলু মাহতো ওরফে নবনীতকুমার নরোত্তম। নালন্দা জেলার নুরসরাই থানার অন্তর্গত অজয়পুর গ্রামের এই দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক-সহ বিভিন্ন মহলে। অভিযুক্তদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার দাবিও তুলেছেন অনেকে। বিজেপি শাসিত রাজ্যে মহিলা ও শিশুদের নিরাপত্তা কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠছে।
Advertisement



