• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

‘বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকেই অনুপ্রেরণা’, নেহার মন্তব্যে ‘সরকার ফেলার ষড়যন্ত্র’ দেখছে বিজেপি

‘বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকেই অনুপ্রেরণা’, আইসা নেত্রী নেহা বোরার এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে

‘বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকেই অনুপ্রেরণা’, নেহার মন্তব্যে ‘সরকার ফেলার ষড়যন্ত্র’ দেখছে বিজেপি

Image: SNS

‘বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকেই অনুপ্রেরণা’, আইসা নেত্রী নেহা বোরার এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে পালটা আক্রমণে নামল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নেহার বক্তব্যেই স্পষ্ট, দেশে চলা ছাত্রবিক্ষোভ ও অসন্তোষের পিছনে রয়েছে বৃহত্তর ‘সরকার পরিবর্তনের’ পরিকল্পনা। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির অভিযোগ, এই আন্দোলনের লক্ষ্য শুধুই রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা।

জনবিক্ষোভ উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে রাস্তায় নামানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বিজেপির একাংশ। ককরোচ জনতা জনতা পার্টি ও জেন জি-র বিক্ষোভকেও বিদেশি মদতে সরকার ফেলার ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন গেরুয়া শিবিরের সমর্থকেরা। এ বার নেহা বোরার মন্তব্যকে সেই অভিযোগের সমর্থনে তুলে ধরছে বিজেপি।

বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পিছনে জুলাইয়ের ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই আন্দোলনের কয়েক জন ছাত্রনেতা আগেই নেহাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। বুধবার এক সাক্ষাৎকারে তাঁদের উদ্দেশে সংহতি প্রকাশ করে নেহা বলেন, “আপনাদের কাছ থেকেই অনুপ্রেরণা এবং আপনাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলো থেকে শিক্ষাগ্রহণ করি।”

এর পরেই বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতৃত্বকে উদ্দেশ করে নেহা বলেন, “আপনাদের সোশ্যালিস্ট স্টুডেন্টস ফ্রন্টকে জানাই বৈপ্লবিক শুভেচ্ছা ও লাল সালাম।” তাঁর আরও বক্তব্য, “আমরা জানি যে, এই দেশে সর্বত্র আমরা এখন যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আর আমাদের সেই পথ দেখানোর জন্য আপনাদের জানাই অভিনন্দন।”

নেহার এই মন্তব্য সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও সরব হয়েছেন। তাঁর দাবি, নেহা বোরা রাহুল গান্ধীর ‘পোস্টার গার্ল’। ভাণ্ডারির অভিযোগ, এই আন্দোলনের উদ্দেশ্য রাজনৈতিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সরকার পরিবর্তন করাই এর মূল লক্ষ্য।

প্রদীপ ভাণ্ডারির কথায়, “রাহুলের এই লড়াই রাজনৈতিক নয়। লক্ষ্য একটাই, তখত পলট। নেহা মেনেই নিচ্ছে, ও বাংলাদেশের রেজিম চেঞ্জ থেকে অনুপ্রাণিত। আর ভারতে সেটাই করতে চাই। এটা ওদের আসল উদ্দেশ্যের অকাট প্রমাণ।”

নেহার বক্তব্যকে ঘিরে এ বার রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিজেপির তরফে ওঠা ষড়যন্ত্রের অভিযোগ এবং নেহার মন্তব্যের ভিত্তিতে করা রাজনৈতিক ব্যাখ্যা—দু’টিই সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য হিসেবেই বিবেচ্য।