মহারাষ্ট্রের থানে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক দমকলকর্মী এবং এক নিরাপত্তারক্ষীর। ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও দু’জন দমকলকর্মী। বৃহস্পতিবার ভোররাতে নওপাড়া এলাকার গামদেবী সবজি বাজারে এই আগুন লাগে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
পুরসভার দপ্তর সূত্রে খবর, ভোর প্রায় পৌনে চারটে নাগাদ গোখলে রোডের উপর অবস্থিত বহুতল বাজার ভবনে আচমকাই আগুন দেখতে পাওয়া যায়। সেই সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় প্রথমদিকে আগুনের ব্যাপকতা বোঝা যায়নি। ধীরে ধীরে আগুন বাজারের একাধিক অংশে ছড়িয়ে পড়ে। বাজারে সবজির দোকানের পাশাপাশি পোশাকের দোকানও ছিল বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বাজার চত্বর থেকে ঘন ধোঁয়া এবং বিশাল আগুনের শিখা বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে দমকলে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ছ’টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।
আগুন নিয়ন্ত্রণে আনার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন উদ্ধারকর্মীরা। মৃতদের নাম সাগর শিন্ডে এবং কালু শঙ্কর গাড়েকর। প্রশাসন জানিয়েছে, সাগর শিন্ডে থানে দমকল বাহিনীর স্টেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে কালু শঙ্কর গাড়েকর পুরসভার নিরাপত্তারক্ষী ছিলেন।
এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুজিত পাশ্তে এবং সমীর যাদব নামে আরও দুই দমকলকর্মী। তাঁদের থানের ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দু’জনের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে।
দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালায় দমকল বাহিনী। আশপাশের এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তার জন্যও সতর্কতা নেওয়া হয়। তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।




