• facebook
  • twitter
  • youtube
Wednesday, 16 September, 2026

আরজি কর মামলার সিবিআই অফিসার এবার দিশা সালিয়ানের মৃত্যুরহস্যের তদন্তে, জট কাটবে?

আরজি কর মামলার তদন্তকারী সিবিআই অফিসার সীমা পাহুজাকে (Seema Pahuja) এবার দিশা সালিয়ানের (Disha Salian) মৃত্যু-রহস্যের তদন্তের দায়িত্ব দিল হাই কোর্ট। ৬ বছর পর নতুন করে দায়ের এফআইআর, জানুন বিশদে।

আরজি কর মামলার সিবিআই অফিসার এবার দিশা সালিয়ানের মৃত্যুরহস্যের তদন্তে, জট কাটবে?

RG Kar Case Fame CBI Officer Seema Pahuja To Probe Disha Salian Death Case (Image: Retouched by AI)

৬ বছর আগে মুম্বাইয়ের একটি রহস্যমৃত্যুর তদন্তে যুক্ত হয়ে গেল কলকাতার নাম। ফের চর্চায় আরজি কর কাণ্ড। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা যিনি সামলেছিলেন, সেই সিবিআই (CBI) অফিসার সীমা পাহুজাকে (Seema Pahuja) এবার দায়িত্ব পেয়েছেন দিশা সালিয়ানের (Disha Salian) মৃত্যু-রহস্যের তদন্তের। হাই কোর্টের নির্দেশে নতুন করে খোলা হয়েছে এই মামলার ফাইল। তার জেরেই তদন্তের রাশ এখন অভিজ্ঞ এই তদন্তকারীর হাতে।

কে এই সীমা পাহুজা

সীমা পাহুজা সিবিআইয়ের পরিচিত মুখ। এর আগে হাথরস (Hathras) গণধর্ষণ-কাণ্ড এবং আরজি কর ধর্ষণ-খুনের মতো স্পর্শকাতর মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ২০২১ সালে সেরা তদন্তকারী অফিসার হিসাবে স্বর্ণপদকও পেয়েছেন তিনি। এবার সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলাতেও ভরসা রাখা হল তাঁর উপরেই।

ঠিক কী ঘটেছিল

২০২০ সালের ৮ জুন রাতে মুম্বাইয়ের মালাডে একটি বহুতলের ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় ২৮ বছর বয়সি দিশা সালিয়ানের। সে রাতে তাঁর হবু স্বামী রোহন রাইয়ের বাড়িতে একটি পার্টি চলছিল, ঘটনার আগে সেখানেই ছিলেন দিশা। মুম্বাই পুলিশ তখন ঘটনাটিকে আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যু হিসাবে নথিভুক্ত করে তদন্ত সেরে ফেলে। কিন্তু সেই ঘটনার মাত্র ৬ দিনের মাথায়, ১৪ জুন, বান্দ্রার বাড়িতে মৃত অবস্থায়পাওয়া যায় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে। দু’টি মৃত্যুর মধ্যে সময়ের এমন নৈকট্য নিয়ে সে সময় থেকেই জল্পনা তুঙ্গে।

নতুন করে তদন্ত

দিশার বাবা সতীশ সালিয়ানের অভিযোগ, তাঁর মেয়েকে নৃশংসভাবে গণদর্ষণের পরে খুন করা হয়েছিল। তারপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোটা ঘটনা ধামাচাপা দেওয়া হয়। পুরনো তদন্তে পোস্টমর্টেম রিপোর্ট দিতে দেরি, ফরেন্সিক নমুনায় কারচুপি এবং না জানিয়ে নথিতে সই করানোর অভিযোগও তুলেছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ২ সেপ্টেম্বর বিচারপতি এস ভি কোটওয়াল এবং বিচারপতি রঞ্জিত সিনহা ভোঁসলের ডিভিশন বেঞ্চ সিবিআইকে নতুন মামলা রুজু করে তদন্তের নির্দেশ দেয়। তবে আদালত এ কথাও স্পষ্ট জানিয়ে দেয়, পর্যাপ্ত প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা যাবে না।

এফআইআরে কী আছে

সতীশ সালিয়ানের বয়ানের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর নতুন এফআইআর (FIR) দায়ের করে সিবিআই। এই এফআইআরে কাউকে সরাসরি অভিযুক্ত না করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র (১২০-বি), গণধর্ষণ (৩৭৬-ডি), খুন (৩০২), প্রমাণ লোপাট (২০১)-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আগেই বিভিন্ন অভিযোগে আদিত্য ঠাকরে, রিয়া চক্রবর্তী, দিনো মোরিয়ার মতো নাম উঠে এসেছিল, তবে এফআইআরে কাউকেই এখনই অভিযুক্তের তালিকায় রাখা হয়নি বলে জানা যাচ্ছে।

এবার কী হবে

ছয় বছরের পুরনো মামলা, ফলে চ্যালেঞ্জও কম নয়। পুরনো নথি, সাক্ষীদের বয়ান, ঘটনাস্থলের প্রমাণ, ফরেন্সিক রিপোর্ট… সবকিছু নতুন করে খুঁটিয়ে দেখতে হবে তদন্তকারী দলকে। প্রাথমিক পর্বে ঘটনার রাতে পার্টিতে উপস্থিত থাকা ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হবে। ডিজিটাল প্রমাণও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে অপরাধের প্রমাণ না মিললেও সিবিআইকে আদালতে সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিতে হবে।

উল্লেখ্য, দিশা সালিয়ানের মৃত্যু বহু বছর ধরে সুশান্ত সিংহ রাজপুত মামলার সঙ্গে জুড়ে জল্পনার কেন্দ্রে থেকেছে। তবে এখনও পর্যন্ত দু’টি ঘটনার মধ্যে কোনও প্রামাণ্য যোগসূত্র মেলেনি। সীমা পাহুজার নেতৃত্বে নতুন তদন্তে ঠিক কী উঠে আসে, সেদিকেই এখন নজর সকলের।