• facebook
  • twitter
Monday, 1 June, 2026

পহেলগাম হামলার তদন্তে পাকিস্তানের ব্যাঙ্কের সূত্র, জঙ্গিদের মোবাইল ঘিরে নতুন তথ্য

‘অপারেশন মহাদেব’-এ নিহত ৩ জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া ২টি মোবাইল ফোনের সূত্র ধরেই এই তথ্য সামনে এসেছে

জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার তদন্তে নতুন করে সামনে এসেছে পাকিস্তানের করাচির একটি ব্যাঙ্কের নাম। হামলার সঙ্গে ব্যাঙ্কটির সরাসরি যোগের প্রমাণ এখনও না মিললেও, জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোনের নথিতে ব্যাঙ্কটির উল্লেখ পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

‘অপারেশন মহাদেব’-এ নিহত ৩ জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া ২টি মোবাইল ফোনের সূত্র ধরেই এই তথ্য সামনে এসেছে। তদন্তে জানা গিয়েছে, একটি ‘রেডমি ৯-টি’ ফোন ২০২১-এ এবং একটি ‘রেডমি নোট ১২’ ফোন ২০২৩-এ পাকিস্তানে আমদানি করা হয়েছিল। তবে পহেলগাম হামলার প্রস্তুতির আগে পর্যন্ত ফোন ২টি প্রায় ব্যবহারই করা হয়নি।

Advertisement

তদন্তকারীদের দাবি, ২০২১-এ আমদানি হওয়া ফোনটি করাচির ‘টেক সিরাট প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা নিয়ে আসে। মোবাইল প্রস্তুতকারী সংস্থার তথ্য অনুযায়ী, ফোনটির চালান পাকিস্তানে পৌঁছেছিল ২০২১-এর ১ জানুয়ারি। সেই চালানের নথিতে পাকিস্তানের অন্যতম বৃহৎ ইসলামিক আর্থিক প্রতিষ্ঠান ফয়সল ব্যাঙ্কের সদর দপ্তরের ঠিকানার উল্লেখ ছিল।

Advertisement

এনআইএ ও জম্মু-কাশ্মীর পুলিশের তদন্তে আরও জানা গিয়েছে, ফোনগুলি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর হামলার আগে সক্রিয় করা হয়। ফোন থেকে পহেলগামের বৈসরন উপত্যকা ও আশপাশের এলাকার ছবি, মানচিত্র এবং কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে। তদন্তকারীদের মতে, এগুলি হামলার পরিকল্পনা ও নজরদারির কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে।

ফয়সল ব্যাঙ্কের নাম অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছিল। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, লস্কর-ই-তৈবা এবং আল-কায়েদা-ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনের অ্যাকাউন্ট একসময় ওই ব্যাঙ্কে ছিল। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ বরাবরই জঙ্গি সংগঠনের সঙ্গে কোনও সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, পহেলগাম হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ঘটনার এক বছর পরেও হামলার নেপথ্যে থাকা জঙ্গি নেটওয়ার্ক, অর্থের উৎস এবং সীমান্তপারের যোগাযোগের সূত্র খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি।

Advertisement