• facebook
  • twitter
  • youtube
Thursday, 4 June, 2026

আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৪

এনসিবি গোরখপুর এবং উত্তরপ্রদেশ এসটিএফের যৌথ উদ্যোগে দেওরিয়া থেকে এই বড় গাঁজা পাচার চক্রের পর্দাফাঁস হয়েছে।

এনসিবি

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং উত্তরপ্রদেশ এসটিএফের যৌথ উদ্যোগে বড়সড় গাঁজা পাচার চক্রের পর্দাফাঁস হয়ে গেল। আর এই অভিযানে মোট ৪০৬.৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ গাঁজা দুই ভাগে উদ্ধার হয়েছে। একটি মাহিন্দ্রা বোলেরো পিকআপ থেকে উদ্ধার হয়েছে ২০২ কেজি গাঁজা। আর বাকি গাঁজা তদন্ত করতে গিয়ে ২০৪.৮ কেজি মিলেছে।

 

এনসিবি গোরখপুর এবং উত্তরপ্রদেশ এসটিএফের যৌথ উদ্যোগে দেওরিয়া থেকে এই বড় গাঁজা পাচার চক্রের পর্দাফাঁস হয়েছে। এই অভিযানে নেমে চারজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিপুল পরিমাণ গাঁজা অসমের তেজপুর থেকে আনা হয়েছিল এবং এটি দেওরিয়ায় হস্তান্তর করার ছক ছিল। সেটাই ভেস্তে গেল। পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বোকা বানানোর জন্য গাঁজা ভর্তি বাক্সগুলোর উপরে ‘সিআরপিএফ (CRPF) জওয়ানদের গৃহস্থালির জিনিসপত্র’ বলে জাল লেবেল ও স্টিকার লাগিয়ে রেখেছিল।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনসিবি কর্তারা মোট ৪০৬.৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেন এবং চারজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছেন। এই বৃহত্তর নেটওয়ার্কের সন্ধান এবং অতিরিক্ত অভিযুক্তদের নাগাল পেতে আরও তদন্ত চলছে। এখানেই শেষ নয়, বারহাজে তদন্ত করে এই পাচার চক্রের পর্দাফাঁস করা হয়। এনসিবি নাগরিকদের মাদকদ্রব্যের কোনও খবর জানাতে হেল্পলাইন নম্বরের ব্যবস্থা করেছে। মাদক সংক্রান্ত তথ্য জানানোর জন্য হেল্পলাইন নম্বর-১৯৩৩ চালু করা হয়েছে। আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের পর্দাফাঁস হতেই আলোড়ন পড়ে গিয়েছে।