• facebook
  • twitter
  • youtube
Sunday, 4 October, 2026

কলকাতার নামী হোটেলে একযোগে হানা পুলিশ-এসটিএফের, বিরাট মাদক চক্রের পর্দাফাঁস

ওই সুইটে কী ভাবে এত মাদক এল? কোথা থেকে সেসব মাদক আনা হল? তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনাস্থল থেকে আরও কিছু উদ্ধার হয় কি না, তার জন্য পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

কলকাতার নামী হোটেলে একযোগে হানা পুলিশ-এসটিএফের, বিরাট মাদক চক্রের পর্দাফাঁস

File Photo

কলকাতায় ফের মাদক চক্রের হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার একটি নামী হোটেলে কলকাতা পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তল্লাশি অভিযান চালায়। লালবাজার সূত্রের খবর, অভিযান চলাকালীন এসটিএফ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। একটি বড় মাদক পাচার মামলার সূত্র ধরেই তারা এই অভিযান চালিয়েছে।

পুলিশ ও এসটিএফের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন তারা কলকাতার শেক্সপিয়ার সরণি থানা এলাকার ওই হোটেলে অভিযান চালায়। এসটিএফের আধিকারিকেরা হোটেলের ৬ তলায় বিলাসবহুল পার্টি সুইটে অভিযান চালিয়েছিল। পুরো জায়গা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। সেই সময়ে ওই সুইটে অন্তত ২০ জন উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, যৌথ বাহিনীর তল্লাশিতে প্রচুর পরিমাণে অবৈধ মাদক বাজেয়াপ্ত হয়েছে। তবে ওই সুইটে কী ভাবে এত মাদক এল? কোথা থেকে সেসব মাদক আনা হল? তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনাস্থল থেকে আরও কিছু উদ্ধার হয় কি না, তার জন্য পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: কলকাতার এক অভিজাত হোটেলে নাগাল্যান্ডের তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও কলকাতা পুলিশের এসটিএফ মাদক-সহ তাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছিল। সেই সময়তেও পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল। সেই মতো এবারও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদক বাজেয়াপ্ত করল পুলিশ।