অপেক্ষার অবসান। অবশেষে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বৃহস্পতিবার কেরলে বর্ষার আগমনের খবর ঘোষণা করেছে মৌসম ভবন। গত কয়েক দিন ধরেই কেরলের বিভিন্ন অংশে বৃষ্টির দাপট ছিল। আবহবিদদের মতে, আগামী কয়েকদিনও সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ইতিমধ্যেই সমগ্র কেরল, লাক্ষাদ্বীপ এবং আরব সাগরের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি কর্নাটক, তামিলনাড়ু এবং বঙ্গোপসাগরের কিছু অংশেও বর্ষা শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকায় বর্ষা পৌঁছে যাবে বলে পূর্বাভাস রয়েছে।
সাধারণত কেরলে বর্ষার প্রবেশ করে ১ জুন। এ বছর সেই নির্ধারিত সময়ের তিন দিন পর বর্ষা এল। যদিও মে মাসের শেষ সপ্তাহেই বর্ষা ঢোকার সম্ভাবনার কথা জানিয়েছিল মৌসম ভবন। পরে সমুদ্রের আবহাওয়ার পরিবর্তনের কারণে সেই পূর্বাভাস পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ৪ জুনের মধ্যে বর্ষা আসার যে সম্ভাবনার কথা বলা হয়েছিল তা কার্যত মিলে গেল।
আবহবিদদের মতে, দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর ভারী মেঘ জমা হয়। সেইসঙ্গে শক্তিশালী পশ্চিমা বায়ুপ্রবাহের ফলে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। এর জেরেই কেরলে বর্ষা নামে। তবে দক্ষিণে বর্ষার আগমন হলেও উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে এখনও অপেক্ষা করতে হবে। সাধারণত জুনের শেষ সপ্তাহে দিল্লিতে বর্ষা পৌঁছয়। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যেও বর্ষা ঢোকে জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে। এই বছরও সেই সময়সূচির খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহবিদরা।
তবে চলতি বছরে বর্ষা নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বছর দেশে বৃষ্টিপাত গড়ে প্রায় ৯০ শতাংশ হতে পারে। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশান্ত মহাসাগরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করা এল নিনোকে অন্যতম কারণ হিসেবে দেখছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এল নিনো সাধারণত ভারতে মৌসুমি বায়ুর প্রভাবকে কমিয়ে দেয়। মৌসম ভবন সূত্রে খবর, বর্তমানে এল নিনোর প্রভাব কম থাকায় জুনে বৃষ্টি হবে। তবে বর্ষার মরশুম আরও যত এগোবে, বিশেষত সেপ্টেম্বর নাগাদ শক্তিশালী রূপ নিতে পারে এল নিনো। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বর্ষা ঢোকার মধ্যেই আবহাওয়া দপ্তর সতর্ক করেছে আগামী দিনগুলিতে কেরলজুড়ে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাসে রাজ্যের ৮টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই আটটি জেলা হল তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়ম, এর্নাকুলাম, ইডুক্কি এবং ত্রিশূর । বাকি ছয়টি জেলা পালাক্কড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাড়, কান্নুর এবং কাসারগড়ে হলুদ সতর্কতা রয়েছে । ভারী বৃষ্টির পাশাপাশি আগামী কয়েক ঘণ্টায় প্রবল বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।




