পার্থ প্রতীম চট্টোপাধ্যায়
বিভিন্ন দেশের ওপর অন্যায়ভাবে ট্রাম্পের শুল্ক চাপানোকে সায় দিলো না সেই দেশের সুপ্রিম কোর্ট। তাদের রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বাণিজ্য শিল্প চাপানোর অধিকারী একমাত্র আমেরিকার কংগ্রেস, প্রেসিডেন্ট শুল্ক চাপাতে পারেন না। ফলে বর্তমানে বাণিজ্য শুল্কের পরিমাণ প্রথমে ১০% করা হলেও পরে বাড়িয়ে তা করা হয়েছে ১৫%। সম্ভবতই এই রায়ে অখুশি আমেরিকার প্রেসিডেন্ট। সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবেই বলেছেন, এই রায় আমেরিকার কাছে মোটেই ভালো হবে না। এখন দেখার বিষয় এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে আমেরিকার প্রেসিডেন্ট ‘কথায় কথায়’ বিভিন্ন দেশের উপর শুল্ক চাপানোর খেলা থেকে সরেন কিনা? এই রায়ের ফলে গত শুক্রবার SGX নিফটি বন্ধ হয়েছে প্রায় ৩০০ পয়েন্ট উপরে। সম্ভবত এবার সূচক বেশ কিছুটা উপরে খুলবে। এখন দেখার বিষয়, সূচকের এই উত্থানকে ধরে রাখতে পারে কিনা। ভারত তথা বিভিন্ন দেশের কাছে এই রায় স্বস্তিদায়ক হবে সে ব্যাপারে নিঃসন্দেহ বিভিন্ন বাণিজ্য বিশ্লেষক। অনেকে মনে করছেন এই রায়ের ফলে ভারতের সঙ্গে অন্যান্য দেশের প্রতিযোগিতা বাড়বে।
Advertisement
আবার অনেকে মনে করছেন এই রায়ের ফলে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির জন্য রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে যে বিতর্ক চলছে বহুদিন ধরে তার অবসান হতে পারে। গত শুক্রবার SGX-এর উত্থান জানান দিয়েছে, এই সুপ্রিম রায়ে বাজার ও যথেষ্ট খুশি। কিন্তু মধ্যপ্রাচ্যে আবার নতুন করে যুদ্ধের দামামা বাজার ফলে এই খুশি কতটা স্থায়ী হবে তা নিয়ে অনেকের মনেই দ্বন্দ্ব রয়েছে। আমেরিকার সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক ক্রমাগত খারাপ হওয়ার জন্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন করে যুদ্ধ হলে কিংবা ভূ-রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে বিশ্বব্যাপী পতন হতে পারে শেয়ার বাজারের। এই যুদ্ধের আবহাওয়ায়তে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে অনেকটা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে বাড়তে পারে মুদ্রাস্ফীতি।
Advertisement
সাপ্তাহিক বন্ধের ভিত্তিতে বাজারের ক্লোজিং কিছুটা উপরে হয়েছে। মিড্ ক্যাপ সূচক মোটের উপর ফ্ল্যাট থাকলেও স্মল ক্যাপসূচক কিন্তু খুব একটা ভালো পারফরম্যান্স দিতে পারেনি গত সপ্তাহে। বিভিন্ন সেক্টোরিয়াল ইন্ডেক্স এর মধ্যে ব্যাঙ্ক, পিএসইউ ব্যাঙ্ক, নিফটি CPSE সূচকের পারফরমেন্স যথেষ্ট ভালো। মন্দার মেঘ যেন কোনোমতেই কাটছে না তথ্যপ্রযুক্তি সেক্টরের উপর থেকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ধাক্কায় তথ্যপ্রযুক্তি সূচকের পারফর্ম্যান্স ছিল গত সপ্তাহে বেশ খারাপ। মিডিয়া, রিয়ালিটি সেক্টর, অটো সেক্টরের পারফম্যান্সও নিচের দিকে। অনেকটা দৌড়ে গত সপ্তাহে বেশ কিছুটা কারেকশন হয়েছে মেটাল সেক্টরের শেয়ারগুলির।
গত সপ্তাহে সোনার দাম মোটের উপর একই জায়গায় থাকলেও রুপোয় বিনিয়োগকারীরা পেয়েছেন যথেষ্ট ভালো রিটার্ন। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি এবং আমাদের দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বৃদ্ধির হার ভালো হবে এই আশায় টাকার দাম সাপ্তাহিক ভিত্তিতে ডলারের সাপেক্ষে কিছুটা উপরে বন্ধ হয়েছে। আমেরিকার বাজারের মধ্যে NASDAQ সাপ্তাহিক ভিত্তিতে প্রায় ১.৪৭ শতাংশ উপরে বন্ধ হয়েছে। DOWJONES গত সপ্তাহে ছিলো মোটের উপর ফ্ল্যাট। জাপান এবং হংকংয়ের সূচক বন্ধ হয়েছে কিছুটা নিচে।
এই পরিস্থিতিতে আগের লেখায় যা বলা হয়েছে অর্থাৎ বিনিয়োগকারীর ভরসা হবে লার্জ ক্যাপ। এককালীন টাকা বিনিয়োগ করলে কিংবা কম ঝুঁকি নিতে ইচ্ছুক বিনিয়োগকারীরা ভরসা রাখতে পারেন ব্যাল্যান্স অ্যাডভান্টেজ ফান্ড কিংবা মাল্টি অ্যাসেট ফান্ডের ওপর। তবে বিনিয়োগকারী যেখানেই বিনিয়োগ করুন না কেনো এসটিপি (সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান) এবং এসআইপি (সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান)-এর মাধ্যমে বিনিয়োগ সবচেয়ে গ্রহণযোগ্য। কোনও অজানা ব্যক্তির কাছ থেকে লোভের বশবর্তী হয়ে বিনিয়োগের পরামর্শ গ্রহণ না করে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং আপনার বিনিয়োগ পরামর্শদাতার আর্থিক পরামর্শ গ্রহণ করলে আখেরে লাভ হবে আপনারই।
Advertisement



