গ্যাংটকে ছবির শুটিং করতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার এক টেকনিশিয়ানের। মৃতের নাম পিন্টু মণ্ডল (৪৬)। টালিগঞ্জে ‘লাইট বয়’ হিসাবে কাজ করতেন তিনি। সোমবার শুটিং চলাকালীন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পিন্টু ও তাঁর এক সহকর্মীকে উদ্ধার করে সিকিমের হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার, ১৭ নভেম্বর সকালে সেখানেই মৃত্যু হয় পিন্টুর। আহত সহকর্মীর হাত ভেঙেছে বলে জানা গিয়েছে।
ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ‘মিশন মির্চি’ নামে একটি হিন্দি ছবির শুটিং চলছিল গ্যাংটক ও সংলগ্ন এলাকায়। ছবির প্রযোজক সঞ্জীব মিশ্র। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত শুটিংয়ের পরিকল্পনা ছিল। মুম্বইয়ের একটি ইউনিটের সঙ্গে আলোর কাজের জন্য কলকাতা থেকেও একটি দল গিয়েছিল সিকিমে।
টালিগঞ্জের ম্যানেজার্স গিল্ডের সহ-সম্পাদক নিরুপম দে জানান, সোমবার ১৬ নভেম্বর শুটিং চলাকালীন এক শুটিংস্থল থেকে অন্য জায়গায় যাওয়ার পথে পিন্টু ও তাঁর সহকর্মী বাবর আলি মোল্লার (৩৬) গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দু’জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে মৃত্যু হয় পিন্টুর। বাবরের হাত ভেঙেছে বলে জানা গিয়েছে।
কলকাতার কুঁদঘাট আনন্দপল্লির বাসিন্দা পিন্টু। তাঁর মৃত্যুর খবর এখনও স্ত্রীকে জানানো হয়নি বলেই খবর। তাঁকে জানানো হয়েছে, পিন্টুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই গ্যাংটকের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তবে দূরত্ব ও যোগাযোগের সমস্যায় এখনও সেখানে পৌঁছতে পারেননি।
এদিকে, দুর্ঘটনায় এক টেকনিশিয়ানের মৃত্যুর পরেও শুটিং চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিরুপম। তাঁর অভিযোগ, পিন্টুর মৃত্যুর খবর ইউনিটের কাছে পৌঁছনোর পরেও শুটিং বন্ধ করা হয়নি। নিরুপমের কথায়, “একটা ছেলে মারা যাচ্ছে, ইউনিটের টেকনিশিয়ান, অথচ শুটিং বহাল তবিয়তে চলছে। ইউনিট জানে ছেলেটা মারা গিয়েছে, তবু শুটিং বন্ধ হল না। মানুষের মধ্যে মানবিকতাবোধটা দিন দিন হারিয়ে যাচ্ছে!”
মৃত ও আহত কর্মীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিও উঠেছে। নিরুপম জানিয়েছেন, কলকাতায় যে সংস্থার হয়ে পিন্টু কাজ করতেন, তাদের তরফে মোট ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এ বিষয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।




