আরজি করের নৃশংস ঘটনা এবার বড় পর্দায়। ২০২৪ সালের ৯ আগস্ট তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ। এই নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল হাজারো মানুষ। প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছিল সুদূর বিদেশের মাটিতেও। সেসবই এবার তুলে ধরা হবে বড় পর্দায়।
টালিগঞ্জেই ছবিটি তৈরি করা হবে। ছবির নাম রাখা হয়েছে ‘অভয়া শক্তি’। বিজেপি নেতা-পরিচালক শঙ্কুদেব পণ্ডাকে এবার দেখা যাবে পরিচালকের ভূমিকায়। এই ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রানা সরকার। জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে। জানা গিয়েছে, শঙ্কুদেব পণ্ডা ও রানা সরকার নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে ছবির বিষয়ে আলোচনা করেছেন।
সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর বড়দিনে ছবিটি বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা। তবে এই ছবিতে কারা অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার পরে প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছিল সারা বিশ্ব। শত প্রতিবাদ করেও বিচার পাননি নির্যাতিতার বাবা-মা।
সম্প্রতি রাজ্যে পালাবদল ঘটেছে। নির্যাতিতার মা-ও বিজেপির হয়ে ভোটে জিতে পানিহাটির বিধায়ক পদে বসেছেন। তৎকালীন সরকারের আমলে বিচার না মিললেও এবার এই নৃশংস ঘটনার বিচার মিলবে বলে আশাবাদী নির্যাতিতার বাবা-মা। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দ্রুত এই ঘটনার বিচার হবে বলে জানিয়েছেন। তিনি ক্ষমতায় আসার পরেই আরজি কর কাণ্ডের ফাইল খুলেছেন। আর তারপরেই আরজি কর কাণ্ডের সময় কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা তিনজন আইপিএস অফিসারকে তিনি সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন। মূলত ওই ঘটনার সময়ে তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠায় সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছিল।




