• facebook
  • twitter
  • youtube
Tuesday, 17 November, 2026

ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ঘোষণা শুভেন্দুর, ২৯ ডিসেম্বর উপস্থিত থাকবেন মোহন ভাগবত ও রামদেব

নেতাজি ইন্ডোর থেকে বামফ্রন্ট ও তৃণমূলের বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকালে রাজ্যে ধর্মাচরণের স্বাধীনতা ছিল না

ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ঘোষণা শুভেন্দুর, ২৯ ডিসেম্বর উপস্থিত থাকবেন মোহন ভাগবত ও রামদেব

Image: SuvenduWB/

আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হনুমান চল্লিশা পাঠের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গত বছর হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল। এ বার সেই ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রীর উদ্যোগ ও ব্যবস্থাপনাতেই এই কর্মসূচি হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রামদেব-সহ দেশের একাধিক ব্যক্তিত্বের।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৯ ডিসেম্বর সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকার কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এবং যোগগুরু রামদেবের। এ দিনের অনুষ্ঠানমঞ্চ থেকেই রামভদ্রাচার্যজি মহারাজকেও ওই গীতাপাঠের আসরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান শুভেন্দু।

ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে এই অনুষ্ঠান। এখন থেকেই তা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ, ওই সময়েই বড়দিনের উৎসবকে কেন্দ্র করে সেজে ওঠে শহর। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন প্রান্তে সপ্তাহব্যাপী উৎসব ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে ব্রিগেডে এত বড় মাপের ধর্মীয় কর্মসূচির ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

আরও পড়ুন: বিচারপতিদের নিয়ে মন্তব্য, অভিষেককে শোকজ কলকাতা হাইকোর্টের

এ দিন নেতাজি ইন্ডোর থেকে বামফ্রন্ট ও তৃণমূলের বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকালে রাজ্যে ধর্মাচরণের স্বাধীনতা ছিল না। ‘জয় শ্রী রাম’, ‘জয় বজরংবলী’ কিংবা ‘হরে কৃষ্ণ’ দিতে বাধা দেওয়া হত।

তৃণমূলের ১৫ বছরের শাসনকাল নিয়েও সমালোচনা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, সেই সময়েও সনাতন ধর্ম এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানকে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে। ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠার দিন কলকাতার পার্ক সার্কাসে মিছিল করে রামমন্দিরের বিরোধিতা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। একই সঙ্গে মহাকুম্ভের মতো পবিত্র তীর্থযাত্রাকে বিধানসভায় ‘মৃত্যুকুম্ভ’ বলে কটাক্ষ করার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কুলগামে হামলার আগে জায়গা ঠিক করেছিল জঙ্গিরা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল গতিবিধি, নিহত এক

শুধু গীতাপাঠ নয়, রাজ্যে ধর্মীয় ও সামাজিক পরিষেবার পরিকাঠামো বিস্তারের বিষয়েও এ দিন রামভদ্রাচার্যজি মহারাজের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর মহারাজের সঙ্গে একাধিক বার সাক্ষাৎ হয়েছে। সেই সূত্রেই পশ্চিমবঙ্গে রামানন্দ মিশনের একটি আশ্রম এবং গোশালা গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন তিনি। দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও মিশনের সেবামূলক কাজকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দেখুন: