রোমারিওর সমালোচনা, পাল্টা আক্রমণ অ্যান্সেলোত্তির
গত শুক্রবার জাপানের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৩-২ গোলে হেরে যায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলও হার আটকাতে পারেনি। ম্যাচে লাল কার্ড দেখেন রাফিনহা। এমনকী রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে লাল কার্ড দেখতে হয় কোচ অ্যান্সেলোত্তিকেও।
এই হারের পরেই ব্রাজিলের প্রাক্তন তারকা রোমারিও সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন। ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই কিংবদন্তির সরাসরি দাবি, অ্যান্সেলোত্তির এবার বিদায় নেওয়া উচিত। তাঁর কথায়, ‘অনেক হয়েছে! নিজের জিনিসপত্র গুটিয়ে এবার বিদায় নাও।’
সিঙ্গাপুরের বিরুদ্ধে পরবর্তী প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোমারিওর মন্তব্য নিয়ে প্রশ্নের সম্মুখীন হন অ্যান্সেলোত্তি। জবাবে ইতালীয় কোচ বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার রয়েছে। কেউ সত্যি বলেন, কেউ মিথ্যা, আবার কেউ অর্থহীন কথাও বলেন। রোমারিওর বক্তব্য ঠিক না ভুল, তা বিচার করার দায়িত্ব তাঁর নয় বলেও জানান ব্রাজিল কোচ। তবে তাঁর সংযোজন, ‘রোমারিও বড্ড বেশি বকে! প্রচুর বকে। তবে সেটা ওর অধিকার।’
সমালোচনা উপেক্ষা করে ঘুরে দাঁড়ানোর বার্তা
জাপানের কাছে হারের পর সমালোচনার মুখে পড়লেও নিজের পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী অ্যান্সেলোত্তি। তাঁর মতে, ব্রাজিলের বর্তমান দল গড়ার প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে। তাই সাফল্য পেতে আরও পরিশ্রম করতে হবে।
অ্যান্সেলোত্তির কথায়, ‘এটা একেবারে নতুন একটি পরিকল্পনা। আমরা যা করছি, তাতে আমি খুশি। আমাকে আরও পরিশ্রম করতে হবে এবং আমি সেটা করব। জাতীয় দলের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। ব্রাজিলকে আবার প্রতিযোগিতামূলক জায়গায় ফিরিয়ে আনতে চাই।’
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবলের প্রতিযোগিতায় প্রত্যাশিত জায়গায় নেই ব্রাজিল। বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে দেশকে প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন অ্যান্সেলোত্তি। রোমারিওর আক্রমণে বিশেষ গুরুত্ব না দিয়ে আপাতত দলের উন্নতি এবং ঘুরে দাঁড়ানোর দিকেই নজর ব্রাজিল কোচের।




