বিদ্যাসাগর সেতুতে রবিবার ফের যান চলাচল বন্ধ থাকছে। সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত, মোট ১৬ ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বিদ্যাসাগর সেতুর কাঠামোগত নিরাপত্তা বজায় রাখতে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ করা প্রয়োজন। এই সময়ের মধ্যে সেতুর ‘স্টে কেবল’ এবং ‘হোন্ডিং ডাউন কেবল’ পরিবর্তনের কাজ হবে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কাজ চলাকালীন সেতুর উপর যানবাহনের চাপ থাকলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই কারণেই সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেতু বন্ধ থাকায় হাওড়ামুখী এবং কলকাতামুখী গাড়ির জন্য একাধিক বিকল্প রুটের ব্যবস্থা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, কে পি রোড থেকে ঘোড়া পাস সংলগ্ন ওয়াই-পয়েন্ট ধরে যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুতে উঠত, সেগুলিকে ওয়াই-পয়েন্ট থেকেই ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
খিদিরপুরের দিক থেকে পূর্বমুখী যে যানবাহনগুলি সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
অন্যদিকে, জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে পশ্চিমমুখী গাড়িগুলি ১১ ফার্লং গেট থেকেই হেস্টিং ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবেয একইভাবে, জিরুট আইল্যান্ডের দিক থেকে পশ্চমমুখী যে যানবাহনগুলি এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে অ্যাট-গ্রেড রোড ব্যবহার করে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে।
কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ১৩ জুলাই বিকল্প রাস্তাগুলিতে যানজট এড়াতে শহরের আরও বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাউভারশন কার্যকর করা হতে পারে। তবে দিনটি রবিবার হওয়ায় নিয়মিত অফিসযাত্রীদের ভোগান্তি তুলনামূলক কম হবে বলেই প্রশাসনের আশা। মেরামতির কাজ শেষ হলে রাত ১০টার পর পরিস্থিতি বুঝে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল চালু করা হবে।




