সপ্তাহের শুরুর দিনই রাজ্য জুড়ে দুর্নীতি দমন শাখার অভিযানে গ্রেপ্তার ২। এদিন থানায় বসে ঘুষ নেওয়ার অভিযোগে এক পুলিশ আধিকারিককে দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা গ্রেপ্তার করে। অন্যদিকে, সোমবারই সরকারি ব্লাড ব্যাঙ্কের রক্ত টাকা নিয়ে পাচার করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হল।
পুলিশ সূত্রের খবর, হাওড়া পুলিশ কমিশনারেটের ব্যাঁটরা থানায় সাব-ইন্সপেক্টর পদে রয়েছেন সুব্রত সরকার। সোমবার ১৫ হাজার টাকার ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। অভিযোগ, তিনি থানায় বসে টাকা ঘুষ হিসেবে নিয়েছেন। তবে তিনি কার কাছ থেকে টাকা নিয়েছেন তাঁর পরিচয় পুলিশ প্রকাশ করেনি। প্রিভেশন অফ করাপশন অ্যাক্টে ধৃত সাব ইন্সপেক্টেরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
এদিকে পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে পুলিশ সাহাবুদ্দিন মল্লিককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, তাঁর কাছ থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিয়ে বিক্রিরও অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামেন। দুই জায়গাতেই আধিকারিকেরা ছদ্মবেশে ঘটনাস্থলে পৌঁছন।
আরও পড়ুন: বঙ্গে আল কায়দার জাল, ভাঙড় থেকে এসটিএফের হাতে গ্রেপ্তার ২ জঙ্গি
জানা গিয়েছে, দোষীকে ধরতে কাঁচের বাটিতে জল আনা হয়। সেখানে যিনি ঘুষ নিয়েছেন, তাঁর হাত ডোবাতেই জলের রং গোলাপি হয়ে যায়। এরপরেই পুলিশ দোষীকে চিহ্নিত করার পরে তাঁকে গ্রেপ্তার করে। অন্যদিকে, ব্লাড ব্যাঙ্কের ঘটনায় সেখানকার কর্মীদের ভূমিকা ঠিক কতটা ছিল, তাও পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগ, সাহাবুদ্দিন পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে বেআইনি ভাবে রক্ত বিক্রি করছিলেন। তদন্তকারীদের অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে।




