কদিন আগেই গ্রেপ্তার হয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। শ্রীঘরের জীবন কঠিন হলেও মেনে নিতে হচ্ছে। কারণ তাঁর বিরুদ্ধে অভিযোগ তো মারাত্মক। ক্যানিংয়ে এক বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। নিরাপত্তার স্বার্থে তাঁকে নরেন্দ্রপুর থানার লক আপে রাখা হয়েছে। কিন্তু সেখানে থাকলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলেই দাবি বিধায়কের। আর এই দাবি তিনি করেছেন সঙ্গে থাকা কয়েদিদের বলে সূত্রের খবর। থানার লক আপে খুব একটা ভাল ঘুম হচ্ছে না। অনেক রাত পর্যন্ত জেগে থাকেন তিনি। তখনই নানা কথা বলেন বিধায়ক অন্যান্য বন্দিদের সঙ্গে।
এদিকে কয়েকজন বন্দির সঙ্গে একই লক আপে আছেন পরেশরাম দাস। আলাদা করে বিশেষ কোনও সুবিধা দেওয়া হয়নি। তবে গ্রেপ্তারির পর থেকেই খাওয়ায় অনীহা দেখা গিয়েছে তাঁর মধ্যে। বাকিদের মতো তাঁকেও তিন বেলা খাবার দেওয়া হলেও অনেকটাই কম খাচ্ছেন বলে পুলিশ সূত্রে খবর। সকালে সংবাদপত্র পড়ছেন। তারপর পায়চারি এবং কিছু যেন ভাবছেন। লক আপে থাকা কয়েদিদের সঙ্গে কথা খুব কম বলেন তিনি। তবে রাতের দিকে কথা বলেন তাদের সঙ্গে। কে, কোন অপরাধে বন্দি ইতিমধ্যেই জেনে নিয়েছেন বিধায়ক।
অন্যদিকে এক কয়েদি বিধায়ককে জিজ্ঞাসা করেছিলেন, আপনি নাকি ধর্ষণ করেছেন বলে গ্রেপ্তার হয়েছেন? এই প্রশ্ন শুনে সপাটে জবাব দিয়েছেন পরেশরাম, ‘সব মিথ্যে অভিযোগ। একদিন তা প্রমাণ হবেই। আমি দিদির সৈনিক। খারাপ কাজ করতে পারি না। যদি অভিযোগ সত্যি হতো তাহলে আগেই গ্রেপ্তার করতে পারত। আমি প্রতিহিংসার শিকার।’ লক আপের বাইরে থাকা পুলিশকর্মী এই কথা শুনেছেন। খাবার খাচ্ছেন কম বলে তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হচ্ছে কিনা সেটা জানতে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষাও করছেন চিকিৎসকরা। তবে থানার অফিসারদের কাছে তাঁকে বিশেষ কোনও চাহিদা বা আবদার করতে শোনা যায়নি। শুধু রাতে ঘুমানো নিয়ে সমস্যা হচ্ছে বলে পুলিশকে জানিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। দুপুর থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময়ই চুপ করে থাকছেন তিনি। সংবাদপত্রে তাঁকে নিয়ে কিছু খবর হয়েছে কিনা চোখ রাখেন তাতে বলে সূত্রের খবর।
তাছাড়া একদা ক্যানিং পশ্চিমের নানা এলাকায় দাপটের সঙ্গে ঘুরে বেড়ানো এই বিধায়ক এখন লোহার বেড়াজালের বন্দিদশায় আছেন। আগামী বুধবার আবার তাঁকে আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। যেসব অভিযোগ দায়ের হয়েছিল, সেগুলি নিয়েও খোঁজখবর করছেন তদন্তকারীরা।




