• facebook
  • twitter
  • youtube
Monday, 16 November, 2026

হাসিনাকে ফেরানোর ডাক, গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, ফিরল স্বাভাবিক জনজীবন

সরকারি-বেসরকারি দপ্তর, আদালত ও দোকানপাট খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়ক-সহ জেলার বিভিন্ন রাস্তায় যান চলাচলও স্বাভাবিক হয়েছে। অশান্তি এড়াতে পুলিশ ও বিজিবির যৌথ টহল চলছে।

হাসিনাকে ফেরানোর ডাক, গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব, ফিরল স্বাভাবিক জনজীবন

Image: ANI

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশের গোপালগঞ্জে প্রকাশ্যে শক্তি প্রদর্শন করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রবিবার দেশীয় অস্ত্র হাতে মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙা, সরকারি সম্পত্তিতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। পরিস্থিতি সামাল দিতে ৬ প্লাটুন থেকে বাড়িয়ে ১০ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি মোতায়েন করা হয়। তবে সোমবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

রবিবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১টা নাগাদ মিছিল শুরু হলে অনেকের হাতে লগি-বৈঠা, রামদা, কুঠার, টেঁটা ও বল্লমের মতো অস্ত্র দেখা যায়। মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিভিন্ন রাস্তায় ঢুকে পড়েন। তাঁদের স্লোগানে উঠে আসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি। দলের জেলা পর্যায়ের নেতা ইলিয়াস হক জানান, হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।

মিছিল চলাকালীন পুলিশের একটি সাঁজোয়া যান বা এপিসি, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহিদ হাদি চত্বরের নামফলক ভাঙচুরের অভিযোগ উঠেছে। সরকারি কলেজের নামফলক সরিয়ে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানারও টাঙানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। কয়েকটি রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে টুঙ্গিপাড়ার উলপুর এলাকায় গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখায় আগুন লাগানোর খবরও সামনে আসে। বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগও রয়েছে।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবারই বিজিবি মোতায়েন করা হয়েছিল। সোমবার আরও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। বিজিবির ১০ প্লাটুন সদস্যের পাশাপাশি পুলিশের অতিরিক্ত বাহিনী এবং সাঁজোয়া যানও গুরুত্বপূর্ণ এলাকায় রাখা হয়েছে। ড্রোন ও সদস্যদের শরীরে লাগানো ক্যামেরার মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। জেলার তিন থানার ভারপ্রাপ্ত আধিকারিককেও রবিবার রাতে বদলি করা হয়েছে।

রবিবার গভীর রাতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে গিয়েও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা। ‘গোপালগঞ্জ স্বাধীন’ স্লোগানও ওঠে। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সমাধিসৌধে এমন কর্মসূচি করলেন জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলে দাবি করা হয়েছে।

তবে সোমবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকারি-বেসরকারি দপ্তর, আদালত ও দোকানপাট খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়ক-সহ জেলার বিভিন্ন রাস্তায় যান চলাচলও স্বাভাবিক হয়েছে। অশান্তি এড়াতে পুলিশ ও বিজিবির যৌথ টহল চলছে।

আরও পড়ুন: আদালতে ক্রেশের হাল জানতে চার সপ্তাহের ডেডলাইন! রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

হাসিনা গত কয়েক মাস ধরে বলে আসছেন, ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরতে চান। ২০২৪-এর আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। সেই রায় প্রত্যাখ্যান করেছেন হাসিনা। তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে ঢাকা। বাংলাদেশের আইনমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সিদ্ধান্ত এখন দিল্লির হাতে। ভারত জানিয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়া মেনেই বিবেচনা করা হবে।