মহারাষ্ট্রের গোন্দিরায় জঙ্গল সংলগ্ন নদীর ধারে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মৃত্যু হল বিমানসেবিকার। দুষ্কৃতীদের হামলায় মারাত্মক জখম অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মৃত বিমানসেবিকার দেহের একাধিক জায়গায় রয়েছে ছুরির আঘাত! পুলিশ সূত্রে খবর, ৩৫ বছরের ওই বিমানসেবিকার নাম বর্ষা তুরকার। তিনি মহারাষ্ট্রের ধানোরি এলাকার বাসিন্দা। একটি বিমান সংস্থায় কর্মরত ছিলেন। ২০২৪ সালে তাঁর বিয়ে হয়। তাঁর আড়াই বছরের ছেলে আছে। এখন বর্ষার স্বামী ইন্দোরে কর্মরত।
পরিবারের সদস্যরা খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান বিমানসেবিকাকে। যদিও চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তরুণীর। এই ঘটনায় প্রথমে ডাকাতির তত্ত্ব খাড়া করা হলেও তদন্তকারীদের অনুমান, ইন্ডিগোর বিমানসেবিকাকে পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে। দীপাবলির ছুটিতে মধ্যপ্রদেশের বালাঘাটের নভগাঁওয়ের কিন্ধি গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন বর্ষা। তখনই ঘটে এই দুর্ঘটনা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবারই ফিরে আসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই জঙ্গল সংলগ্ন নদীর ধারে বেড়াতে যান তিনি। সঙ্গে তাঁর এক বন্ধু ছিল। নাম রীতেশ আগরওয়াল। মৃতার পরিবার পুলিশকে জানিয়েছেন, ঘুরতে যাওয়ার কিছুক্ষণ পরই রীতেশ তাঁদের ফোন করেন। তাঁদের উপর অজ্ঞাতপরিচয় তিনজন দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে জানান। ডাকাতির চেষ্টার সময় এক দুষ্কৃতী বর্ষাকে হঠাৎই বারবার ছুরিকাঘাত করে। নগদ ও গয়না নিয়ে চম্পট দেয়।
এই হামলার পর বর্ষাকে নিকটবর্তী খাইরলানজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। রীতেশ মুখে মাস্ক পরা ডাকাতদের কথা জানালেও তাঁর বয়ানে পুলিশের সন্দেহ হয়। কারণ বর্ষার পিঠে চারটি ধারাল অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন থাকলেও রীতেশের শরীরে কোনও আঘাতের চিহ্নই মেলেনি। ডাকাতদের সঙ্গে সংঘর্ষ বা ধস্তাধস্তি হলে তাঁর শরীরেও আঘাতের চিহ্ন থাকার কথা। রীতেশকে আটক করে এখন জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বর্ষাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
তাছাড়া ময়নাতদন্তের জন্য বর্ষার দেহ পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। দুষ্কৃতীদের সঙ্গে রীতেশের ধস্তাধস্তি হয়েছে এমন প্রমাণও মেলেনি। সুতরাং এটি আদৌ দুষ্কৃতীদের হামলা না পরিকল্পিত খুন সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা তাঁরা হঠাৎ নদীর ধারে বেড়াতে গিয়েছিলেন? নেপথ্যে প্রেমঘটিত কোনও কারণ আছে কী না সেটিও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। বর্ষার কলেজের বন্ধু সন্দেহভাজন রীতেশ। ২০২৪ সালে বর্ষা বিয়ে করেন সমর সইদ নামের যুবককে। কর্মসূত্রে পুণেতে থাকতেন দম্পতি। তাঁদের আড়াই বছরের পুত্রসন্তান আছে।




