• facebook
  • twitter
  • youtube
Monday, 9 November, 2026

মমতা শিবিরের বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার, ধর্ষণের অভিযোগে বিমানবন্দর থেকে ধরল পুলিশ

অন্যদিকে তৃণমূলের ভেঙে যাওয়ার সময়ে শুরুর দিকে কয়েক মাস ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে ছিলেন পরেশরাম। পরে আবার তিনি চলে

মমতা শিবিরের বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার, ধর্ষণের অভিযোগে বিমানবন্দর থেকে ধরল পুলিশ

MLA Pareshram Das Photo-SNS

ধর্ষণ, তোলাবাজি-সহ নানা অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করল পুলিশ। বারুইপুর পুলিশের বিশেষ একটি দল সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। সিআইডি-র জিজ্ঞাসাবাদে হাজিরা দিয়েও রেহাই মিলল না। শেষমেশ পুলিশের জালে ক্যানিং পশ্চিমের মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল বারুইপুর জেলা পুলিশ। প্রায় ১৭ দিন ধরে এই বিধায়ক পলাতক ছিলেন বলে খবর। পরেরদিকে সিআইডি-র তলবে সাড়া দিচ্ছিলেন না বিধায়ক।

এদিকে কয়েকদিন ধরেই পরেশরাম দাসকে খুঁজছিল পুলিশ। কিন্তু তাঁর কোনও হদিশ মিলছিল না। মোবাইল টাওয়ার লোকেশন থেকে যাতে পুলিশ তাঁর অবস্থান জানতে না পারে তারও ব্যবস্থা করেছিলেন পরেশরাম দাস বলে অভিযোগ। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, সম্ভবত জিজ্ঞাসাবাদ এড়াতেই এই বিধায়ক মুম্বই পালানোর ছক কষেছিলেন। কিন্তু তার আগেই ধরা পড়ে গেলেন। পুলিশ সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর থেকে বিমানে মুম্বই পালানোর ছক কষেছিলেন বিধায়ক। ওই খবর পেয়েই সোমবার দুপুর থেকে পুলিশ ওত পেতে ছিল বিমানবন্দরে। সেখান থেকেই পাকড়াও করে তাঁকে বারুইপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

অন্যদিকে তৃণমূলের ভেঙে যাওয়ার সময়ে শুরুর দিকে কয়েক মাস ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে ছিলেন পরেশরাম। পরে আবার তিনি চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবিরে। সোমবার সেই পরেশরাম দাসকে গ্রেপ্তার করল পুলিশ। আগেও পরেশরামের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠেছিল। মাতলা নদীর চর বুঝিয়ে কংক্রিটের নির্মাণ গড়ে তুলেছিলেন তিনি বলে অভিযোগ আছে। পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর ধারায় মামলা আছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় পরেশরাম দাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল গত ৫ সেপ্টেম্বর। তারপর তাঁকে সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য দু’বার তলব করেছিল। তিনি একবার তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখিও হন। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহে হঠাৎ বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তাছাড়া পরেশরাম দাসের ক্যানিংয়ের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে চার তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলেও অধরাই ছিলেন এই বিধায়ক। তাঁর খোঁজ করছিলেন তদন্তকারীরা। এবার তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার বিধায়ক পরেশরামকে আদালতে পেশ করবে পুলিশ। বারুইপুর জেলা পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে এবং অন্যান্য ঊর্ধ্বতন অফিসারদের নেতৃত্বে চলে এই অভিযান। এই মামলায় তাঁকে জেরা করা হবে।