• facebook
  • twitter
  • youtube
Sunday, 13 September, 2026

আসানসোলের জাতীয় সড়কে ভয়ঙ্কর কাণ্ড, মোটরবাইক আরোহীকে লক্ষ্য করে চলল গুলি

স্থানীয় সূত্রে খবর, আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। যা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। মোটরবাইক

আসানসোলের জাতীয় সড়কে ভয়ঙ্কর কাণ্ড, মোটরবাইক আরোহীকে লক্ষ্য করে চলল গুলি

Asansol Shootout Photo-SNS

রাতের অন্ধকারে আসালসোলের জাতীয় সড়কে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। জাতীয় সড়কের উপর চলল পর পর গুলি। আর তাতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয বাসিন্দারা। জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় যেসব বাসিন্দারা বসবাস করেন তাঁদের ঘুম ভেঙে যায় গুলির শব্দে। বেশি রাতে এমন ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। আসানসোল হল শিল্পাঞ্চল এলাকা। সেখানে রাতের অন্ধকারে শুটআউটের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। রবিবার ছুটির দিন হওয়ায় ওই এলাকায় গুলি চলার ঘটনা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে চায়ের দোকান থেকে রাস্তার মোড়ে।

স্থানীয় সূত্রে খবর, আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। যা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। মোটরবাইক আরোহীর কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু ওই আরোহী তাতে বাধা দেয়। মোটরবাইক ছিনতাই করতে এসে বাধা পেতেই ওই আরোহীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে ওই রাতে গুলিবিদ্ধ হয়ে মোটরবাইক আরোহী এখন হাসপাতালে চিকিৎসাধীন। আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের দিল্লি পাবলিক স্কুলের কাছে শুটআউটের ঘটনা ঘটেছে। যার জেরেই সাধারণ মানুষের ঘুম ভেঙে যায়।

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম হরিদাস লায়েক (৪৩)। তিনি সালানপুরের আল্লাডি পঞ্চায়েতের ধাগুড়ির বাসিন্দা। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ হরিদাসবাবু মোটরবাইকে করে আসানসোলের একটি বেসরকারি স্কুলে নাইট ডিউটিতে যাচ্ছিলেন। তখন আর একটি মোটরবাইকে থাকা তিন মুখোশধারী আততায়ী তাঁর পথ আটকে গাঁড়ায়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ এবং মোটরবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেটায় তখন বাধা দেন হরিদাস লায়েক। আর বাধা পেয়ে তখনই হরিদাস লায়েককে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালায় আততায়ীরা। ওই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হরিদাসবাবু। রক্তে ভেসে যায় জাতীয় সড়ক সংলগ্ন পথ। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

তবে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, একটি গুলি না লাগলেও আর একটি গুলি হরিদাস লায়েকের পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সেই অবস্থাতেই ধাওয়া করে আততায়ীদের ভিডিও তোলার চেষ্টা করেন তিনি। যদিও পালিয়ে যায় আততায়ীরা। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় সালানপুর থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয় ইএসআই হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, ডিসি ওয়েস্ট সানা আখতার, ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ পদস্থ অফিসাররা। সেখান থেকে কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।