• facebook
  • twitter
  • youtube
Sunday, 29 November, 2026

ভোটার তালিকা থেকে নাম বাদ, আবাসের ৬০ হাজার টাকা ফেরতের নোটিশে দিশেহারা বাসিন্দারা

ঘর পাওয়ার সময় ভোটার তালিকায় নাম ছিল। পরে নাম কেটে গিয়েছে। ঘর ভেঙে এখন ভাড়া বাড়িতে থাকছি। লোন ও ধারদেনা করে লিন্টন পর্যন্ত কাজ করেছি। নোটিশ দিয়ে বলা হয়েছে বিডিও অফিসে গিয়ে ৬০ হাজার টাকা ফেরত দিতে হবে। আমরা এত টাকা কোথা থেকে দেব?

ভোটার তালিকা থেকে নাম বাদ, আবাসের ৬০ হাজার টাকা ফেরতের নোটিশে দিশেহারা বাসিন্দারা

Photo: Statesman

এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মধ্যেই পশ্চিমবঙ্গ আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ফেরতের নোটিশ ঘিরে চাঞ্চল্য। চরম বিপাকে পড়েছেন নদীয়ার কল্যাণী ব্লকের কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের চর যাত্রাসিদ্ধি এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, কল্যাণী বিডিও অফিসের তরফে ৫০ জনেরও বেশি উপভোক্তার হাতে নোটিশ তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালে এসআইআর প্রক্রিয়ায় ওই গ্রামের মোট ১০১৩ জন ভোটারের মধ্যে ৬২১ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়।

PRADHAN MANTRI AWAAS YOJANA-GRAMIN
Photo: statesman

অভিযোগ, নাম বাদ যাওয়া বাসিন্দাদের অনেকেই পশ্চিমবঙ্গ আবাস যোজনার ঘর পেয়েছিলেন।  প্রথম কিস্তির ৬০ হাজার টাকাও হাতে পেয়েছিলেন। ওই গ্রামে অধিকাংশই মাহাতো সম্প্রদায়ভুক্ত। গ্রামবাসীদের দাবি, ২০০৯ সালে নির্বাচন কমিশন বিশেষ ক্যাম্প করে তাঁদের নদীয়া জেলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।

আবাসের টাকা ফেরতের নোটিশ পেয়েছেন ওই গ্রামের বাসিন্দা কুমার মাহাতো। তিনি জানিয়েছেন, প্রায় আট মাস আগে তাঁরা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পান। বাড়ির লিন্টন পর্যন্ত কাজ সেরে ছবি তুলে পাঠানোর নির্দেশ অনুযায়ী গ্রামবাসীরা কাজও এগিয়ে নিয়ে যান। তাঁর কথায়, টাকা পাওয়ার দেড় থেকে দু’মাসের মধ্যেই এসআইআরে নাম কাটা যায়। এখন বিডিও অফিস থেকে নোটিশ এসেছে, ৩০ তারিখের মধ্যে ৬০ হাজার টাকা ফেরত দিতে হবে। ঘরবাড়ি ভেঙে ফেলে মানুষ এখন কোথায় যাবে?

PRADHAN MANTRI AWAAS YOJANA-GRAMIN
Photo: Statesman

একই ছবি ধরা পড়ে স্থানীয় বাসিন্দা গীতা মাহাতোর কথায়। হাতে নোটিশ নিয়ে তিনি জানিয়েছেন, আগে আমার দু’টো টিনের ঘর ছিল। ঘর পাওয়ার সময় ভোটার তালিকায় নাম ছিল। পরে নাম কেটে গিয়েছে। ঘর ভেঙে এখন ভাড়া বাড়িতে থাকছি। লোন ও ধারদেনা করে লিন্টন পর্যন্ত কাজ করেছি। নোটিশ দিয়ে বলা হয়েছে বিডিও অফিসে গিয়ে ৬০ হাজার টাকা ফেরত দিতে হবে। আমরা এত টাকা কোথা থেকে দেব?

আরও পড়ুন: রেললাইনে উদ্ধার কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির রক্তাক্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

একদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং পুরনো ঘর ভেঙে ফেলার পর সরকারি অনুদান ফেরতের নির্দেশে চিন্তায় পড়েছেন চর যাত্রাসিদ্ধি গ্রামের একাধিক পরিবার। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ ও পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও ওই নোটিশের বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।