• facebook
  • twitter
Wednesday, 4 March, 2026

রাজ্যসভায় বিজেপির প্রার্থী হিসেবে বাংলায় মনোনীত রাহুল সিনহা

বাংলায় একটিমাত্র আসনে রাহুল সিনহার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে

আসন্ন রাজ্যসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রাহুল সিনহা। দোলের দিন মঙ্গলবার কয়েকটি রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে বাংলায় একটিমাত্র আসনে রাহুল সিনহার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। তৃণমূলের তরফে আগেই চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের হয়ে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী ও অভিনেত্রী কোয়েল মল্লিক। আর এবারে বিজেপির হয়ে একটিমাত্র আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

Advertisement

প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর রাহুল সিনহার বক্তব্য, কাজ করলে বিজেপিতে যে তার ফল ও সম্মান পাওয়া যায় তা প্রমাণিত। তাঁর কথায়, ‘আমাকে এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অসংখ্য বিজেপি কার্যকর্তাদের মনে একটা আশার আলো জাগছে যে, যতই কোনায় পড়ে থাকি পার্টির নজর আমাদের ওপরে আছে।’

Advertisement

বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বিজেপির কোনও প্রাসঙ্গিকতা ছিল না, তখন গেরুয়া শিবিরে যে কজন সক্রিয় নেতা ছিল তাঁদের মধ্যে অন্যতম ছিল রাহুল সিনহা। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। সেই ভোটে পরাজয়ের পর থেকে অবশ্য কোনও স্থায়ী পদ নেই রাহুল সিনহার। এবার ফের তাঁকে দিল্লির রাজনীতিতে এগিয়ে দিল দল।

Advertisement