• facebook
  • twitter
  • youtube
Thursday, 22 October, 2026

একসপ্তাহ পর জেলমুক্ত সিজেপির দুই নেতা, একাধিক প্রতিশ্রুতি দিলেন সৌরভ-রাঙ্কা

অন্যদিকে এর আগে ১০ অক্টোবর নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভের ডাক দেওয়ার পর তাঁদের আটক করা হয়েছিল

একসপ্তাহ পর জেলমুক্ত সিজেপির দুই নেতা, একাধিক প্রতিশ্রুতি দিলেন সৌরভ-রাঙ্কা

Saurav Das and Ashutosh Ranka Image: IANS

একসপ্তাহ বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর এবার মুক্তি পেলেন সিজেপির দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। তবে আপাতত দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেবেন না বলে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে মুচলেকা দিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, শান্তি বজায় রাখবেন এবং আগামী দিনে তাঁদের যে কোনও আন্দোলন কর্মসূচি হবে দেশের সাংবিধানিক কাঠামো মেনে। একসপ্তাহ তিহাড় জেলে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর এই প্রতিশ্রুতি দিয়ে মুক্তি পেয়েছেন তাঁরা। জেলমুক্তির আগে আদালতে লিখিত বয়ান দিয়েছেন দু’জনেই।

এদিকে আদালতের নির্দেশ অনুযায়ী, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস এই দুই সিজেপির নেতাকে ৫০ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ড ও জামিনদার সংক্রান্ত বন্ড জমা দিতে হয়েছে। তাঁদের বিরুদ্ধে চলা তদন্ত অব্যাহত থাকবে। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভের জায়গার তালিকা থেকে কেন্দ্রীয় সরকার সরিয়ে দেয়। তারপরও গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সৌরভরা সেখানে ঢোকেন। রাঙ্কা, সৌরভ ছাড়াও ছিলেন সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্ডে এবং দলের অন্যরা। জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন তাঁরা। প্রত্যেককেই আটক করা হয়েছিল। বাকিদের ছেড়ে দেওয়া হলেও রাঙ্কা ও সৌরভকে শান্তিভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এবার তাঁদের জেলমুক্তি হয়েছে।

অন্যদিকে এর আগে ১০ অক্টোবর নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভের ডাক দেওয়ার পর তাঁদের আটক করা হয়েছিল। পুলিশের অভিযোগ পরবর্তী ঘটনায় তাঁরা আগের শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গ করেছেন। এবার আদালত থেকে বেরিয়ে সৌরভ দাস জানান, ‘সত্যের জয় হয়েছে।’ অপরদিকে সিজেপির অভিযোগ, দুই নেতাকে হেফাজতে রাখতেই শুনানি প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছিল। এখনও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছে ককরোচরা।

তাছাড়া উৎসবের আবহে ককরোচরা কোনও আন্দোলন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে। উৎসব এখন শেষের পথে। তারপরই আবার আন্দোলনে নামবে ককরোচ জনতা পার্টি। তার আগে রাঙ্কা ও সৌরভ একই বয়ানে আদালতে লিখেছেন, ‘আমি শান্তি ভঙ্গ না করার প্রতিশ্রুতি দিচ্ছি। বিচারবিভাগের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আগামী দিনে আইনশৃঙ্খলা এবং শান্তি বজায় রেখে চলব। আইন অনুযায়ী যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে তুলে নেওয়ার ঘোষণা বাতিল না হওয়া পর্যন্ত আমি সেখানে কোনও প্রতিবাদ কর্মসূচির ডাক দেব না। ভবিষ্যতে কোনও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হলে সেটা সংবিধানের কাঠামো মেনেই পরিচালিত হবে।’ এই লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দুই সিজেপি নেতার জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট।