বাড়ি ফেরার পথে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান। শনিবার রাতে নদিয়ার বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার সময় নাগাদি রেলগেটের কাছে দুষ্কৃতীরা তাঁর গাড়ি আটকে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আনিসুর রহমান প্রাক্তন নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতিও ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে দুষ্কৃতীরা নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ি আটকায়। এরপর গাড়ি লক্ষ্য করে প্রথমে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। তারপর গুলি চালানো হয়। এরপরে দুষ্কৃতীরা আনিসুর ও তাঁর ছেলেকে গাড়ি থেকে বের করে এনে গুলি চালায়। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাঁদেরকে নৃশংসভাবে কোপানো হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
জানা গিয়েছে, আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার পিছনে কে বা কারা রয়েছে? কী কারণে তাঁদের উপরে হামলা চালিয়ে খুন করা হল? পুলিশ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
আনিসুর রহমান নাকাশিপাড়া এলাকায় পরিচিত কংগ্রেস নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই বেথুয়াডহরি হাসপাতালে পৌঁছন নদিয়া জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ ও সমর্থকেরা। তাঁর উপর এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




