• facebook
  • twitter
  • youtube
Friday, 27 November, 2026

আসানসোলে পুলিশের গুলিতে জখম অভিযুক্ত, বাড়ি থেকে গ্রেপ্তার প্রতাপ

পুলিশ সূত্রে খবর, আসানসোল দক্ষিণ থানায় দায়ের হওয়া একটি সাইবার প্রতারণার মামলায় অভিযুক্ত ছিলেন প্রতাপ

আসানসোলে পুলিশের গুলিতে জখম অভিযুক্ত, বাড়ি থেকে গ্রেপ্তার প্রতাপ

Image: SNS

পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন এক অভিযুক্ত। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের ইসমাইল এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই প্রতাপ দাস নামে ওই যুবকের ডান পায়ে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থাতেই তাঁকে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রে খবর, আসানসোল দক্ষিণ থানায় দায়ের হওয়া একটি সাইবার প্রতারণার মামলায় অভিযুক্ত ছিলেন প্রতাপ। তাঁকে গ্রেপ্তার করতে বুধবার হিরাপুর থানার ইসমাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশ আছে বুঝতে পেরে গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান প্রতাপ। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। গত দু’দিন ধরে সন্ধান না মিললেও শুক্রবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, ইসমাইল এলাকারই একটি বাড়িতে লুকিয়ে রয়েছেন প্রতাপ। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও খবর আসে পুলিশের কাছে।

আরও পড়ুন: ৩০ নভেম্বর কলকাতায় আসতে পারেন অমিত শাহ, বিজেপির সংবিধান গৌরব কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা

এরপর শুক্রবার সকালে স্পেশাল অপারেশন গ্রুপকে সঙ্গে নিয়ে অভিযানে নামে হিরাপুর থানার পুলিশ। ইসমাইলের ঘনবসতিপূর্ণ এলাকায় শুরু হয় তল্লাশি। বাড়ির পাঁচিল টপকে এবং এলাকার অলিগিতে ঘুরে অভিযুক্তের খোঁজ চালান পুলিশ আধিকারিকেরা। পুলিশের দাবি, সেই সময় ফের গুলি চালানোর চেষ্টা করেন প্রতাপ। পাল্টা গুলিতে তাঁর ডান পা জখম হয়। এরপর তাঁকে পাকড়াও করা হয়।

প্রতাপের বিরু্দ্ধে একাধিক বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় একাংশ। তাঁদের দাবি, অল্প বয়স থেকেই বেআইনি লোহার কারবারের সঙ্গে যুক্ত ছিলেন ওই যুবক। ডাকাতির অভিযোগও রয়েছে বলে দাবি প্রতিবেশীদের।

আরও পড়ুন: বন্দ্যোপাধ্যায় পরিবারে ফের ফাটল? ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ মমতার ভাই বাবুনের

অন্যদিকে, পুলিশের অভিযানের পর প্রতাপের স্ত্রী রিনা দাস দাবি করেছিলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে কোনও গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। তাঁর অভিযোগ, পুলিশ বাড়িতে এসে গেটে ধাক্কা দিয়ে প্রতাপকে ডাকতে বলে। সেই সময় কোনও মহিলা পুলিশকর্মী উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন তিনি। প্রতাপ পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন রিনা। তাঁর কথায়, পুলিশের ভয়ে স্বামী পালাচ্ছিলেন। তবে গুলি চালাতে দেখেননি। যদিও প্রতাপের বিরুদ্ধে এর আগেও থানায় অভিযোগ দায়ের এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন রিনা।

দেখুন: আসানসোলে পুলিশের রুদ্ধশ্বাস অভিযান, পাঁচিল টপকে পালাতে গিয়ে গু*লিবিদ্ধ প্রতাপ