• facebook
  • twitter
  • youtube
Friday, 27 November, 2026

ব্যাটে লেগেছিল বল, তবু এলবিডব্লিউ রিঙ্কু! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ, ডিআরএস না থাকায় বিতর্ক

রিঙ্কুর আউটের পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে সত্যিই ব্যাটের ভিতরের কানায় লেগেছিল। একাধিক ক্যামেরা অ্যাঙ্গেলেও সেই সম্ভাবনা সামনে আসে

ব্যাটে লেগেছিল বল, তবু এলবিডব্লিউ রিঙ্কু! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ, ডিআরএস না থাকায় বিতর্ক

Image: X

দোহার মাঠে বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনালে ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ৩৭তম ওভারে। শ্রীলঙ্কার স্পিনার রবিন্দু ফার্নান্দোর বল খেলতে গিয়ে প্যাডে আঘাত পান ভারতের মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং। সঙ্গে সঙ্গে এলবিডব্লিউয়ের আবেদন করেন বোলার। আম্পায়ারও আঙুল তুলে দেন।

কিন্তু রিঙ্কু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। সঙ্গে সঙ্গে ব্যাট তুলে আম্পায়ারকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, বল প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছে। আম্পায়ারের সঙ্গে কিছু ক্ষণ কথা কাটাকাটিও হয় তাঁর। শেষ পর্যন্ত ক্ষোভ নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতীয় ব্যাটারকে।

রিঙ্কুর আউটের পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে সত্যিই ব্যাটের ভিতরের কানায় লেগেছিল। একাধিক ক্যামেরা অ্যাঙ্গেলেও সেই সম্ভাবনা সামনে আসে। এমনকী ব্যাটে বল না লাগলেও বলটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত বলে দেখা যায়।

আরও পড়ুন: ৩১৮ রান তাড়া করে ভারতকে ছিটকে দিল শ্রীলঙ্কা! বৈভব-অভিষেকের ঝড়ও বাঁচাতে পারল না তিলকদের

এই বিতর্ক আরও বেড়েছে, কারণ, প্রতিযোগিতায় ডিআরএসের ব্যবস্থা ছিল না। ফলে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেওয়ার কোনও সুযোগ পাননি রিঙ্কু। আধুনিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সেমিফাইনালে কেন ডিআরএস থাকে না, সেই প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে।

২১ বলে ১২ রান করে ফেরেন রিঙ্কু। তাঁর ইনিংসে ছিল একটি ছয়। সেই সময় ভারতের ইনিংসও ছিল চাপে। পর পর উইকেট হারিয়ে বড় রানের দিকে এগোনোর গতি হারাচ্ছিল তিলক বর্মার দল।

আরও পড়ুন: শীতের কলকাতায় আন্তর্জাতিক রেগাটার জমজমাট আসর, ক্যালকাটা রোয়িং ক্লাবে বিশ্বের নামী রোয়াররা

রিঙ্কুর আউটের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমর্থকদের মধ্যে বিতর্ক শুরু হয়। অনেকেই মনে করছেন, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রযুক্তির সাহায্য না থাকায় বড় ক্ষতির মুখে পড়লেন ভারতীয় ব্যাটার।

শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে। কিন্তু শ্রীলঙ্কা ৪১.৩ ওভারেই মাত্র দু’উইকেট হারিয়ে সেই রান তুলে আট উইকেটে ম্যাচ জিতে নেয়। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের।

এক দিকে ভারতের বিদায়, অন্য দিকে রিঙ্কুর বিতর্কিত আউট—দোহায় সেমিফাইনালের পর এখন আম্পায়ারিংয়ের মান এবং ডিআরএসের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

দেখুন: ‘মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ কেউ আটকাতে পারবে না’, কংগ্রেসকে নিশানা অমিত শাহের