• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

‘শিল্পোন্নয়নের রূপরেখা নিয়ে মতবিনিময় হয়েছে’, এলঅ্যান্ডটির সঙ্গে বৈঠকের পর দাবি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের বিপুল সম্ভাবনা রয়েছে এবং দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা রাজ্যের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে

দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রহ্মণ্যমের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দরে অনুষ্ঠিত ওই বৈঠকে পশ্চিমবঙ্গে শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শুভেন্দু জানান, প্রায় ৩০ মিনিটের বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের রূপরেখা নিয়ে মতবিনিময় হয়েছে। শিল্প বিকাশের জন্য শক্তিশালী পরিবেশ গড়ে তোলা, বৃহৎ বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক বৃদ্ধির মাধ্যমে রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পেয়েছে।

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, পশ্চিমবঙ্গের বিপুল সম্ভাবনা রয়েছে এবং দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা রাজ্যের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে। সেই লক্ষ্যেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক সংলাপ ও যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

রাজ্যে সরকার পরিবর্তনের পর শিল্পায়নকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে নতুন প্রশাসন। তার মধ্যেই দেশের প্রথমসারির শিল্প সংস্থার প্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক ও শিল্প মহলের একাংশ। তাদের মতে, শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির প্রশ্নে আগামী দিনে রাজ্য সরকারের অবস্থান এবং উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এই বৈঠক। যদিও বৈঠকে কোনও নির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব বা প্রকল্প ঘোষণা করা হয়নি। তবে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বৃহৎ শিল্পগোষ্ঠীগুলিকে পশ্চিমবঙ্গে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে।