কদিন আগেই ভাই স্বরূপ বিশ্বাস জেলে গিয়েছেন। মহিলা মেকআপ আর্টিস্টের শ্লীলতাহানি করার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে নানা অভিযোগ উঠতে শুরু করেছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। তোলাবাজি থেকে হুমকি-সহ নানা অভিযোগ এখন সামনে আসছে। এই আবহে মেসিকাণ্ডে স্বরূপের দাদা অরূপ বিশ্বাসকে এবার তলব করল বিধাননগর পুলিশ। এর আগেও একবার তলব করা হয়েছিল। তখন শরীর খারাপ বলে তলব এড়িয়ে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। সময়ও চেয়েছিলেন।
কিন্তু আর সময় দিতে রাজি নয় পুলিশ। তাই আবার প্রাক্তন মন্ত্রীকে তলব করল বিধাননগর থানার পুলিশ। দু-সপ্তাহ সময় যা চেয়েছিলেন অরূপ বিশ্বাস তা দিতে রাজি নয় পুলিশ। কারণ তদন্ত মন্থর হয়ে যাচ্ছে। এই কারণে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে সোমবার দিনই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। সদ্য বিধানসভা নির্বাচনে হেরেছেন তিনি। সুতরাং এখন হাতে প্রচুর সময়। কোনও নির্বাচনও সামনে নেই। তাই যত দ্রুত তিনি তদন্তে সহযোগিতা করবেন তত তদন্ত দ্রুত গতিতে এগোবে।
গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। এই শতদ্রু দত্ত নিজেও জেল খেটেছিলেন। এবার জামিনে বেরিয়ে এসে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারায় অভিযোগ দায়ের করেন। যার অর্থ দাঁড়ায়-টিকিটে কালোবাজারি, তোলাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি এবং প্রতারণা। মেসিকে নিয়ে এসেছিলেন শতদ্রু। কিন্তু সেখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বিপুল টাকা দিয়ে টিকিট কেটেও মানুষজন মেসিকে দেখতে পাননি। তাই ভাঙচুর হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। এসব কিছুর দোষ চাপে শতদ্রু দত্তের উপর। তবে যেভাবে মেসিকে জড়িয়ে ছবি তুলেছিলেন অরূপ বিশ্বাস তাতে সমালোচনার ঝড় উঠেছিল।
এবার শতদ্রু দত্তের অভিযোগ, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছিলেন প্রাক্তন ত্রীড়ামন্ত্রী। আর শতদ্রুর অভিযোগ, গায়ের জোরে প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে এসেছিলেন অরূপ বিশ্বাস। বিনা অনুমতিতে মেসির গায়ে হাতও দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলে পুলিশ। পাল্টা অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজির হতে পারবেন না। কিন্তু অরূপকে সেই সময়টাও দিতে চাইছে না পুলিশ। তাই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে অরূপকে। আগামী ৮ জুন সোমবার সকাল ১১টার মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




