• facebook
  • twitter
Saturday, 7 February, 2026

রাস্তার ধারে দাঁড় করানো কন্টেনারে ধাক্কা বাইকের, জলপাইগুড়িতে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

শনিবার সকালে রাজগঞ্জ থানার অন্তর্গত মনুয়াগঞ্জের কাছে আমবাড়ি–হাতিমোড় রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে

প্রতীকী চিত্র

জলপাইগুড়ি জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই কলেজ পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক যুবক। শনিবার সকালে রাজগঞ্জ থানার অন্তর্গত মনুয়াগঞ্জের কাছে আমবাড়ি–হাতিমোড় রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে আমবাড়ি এলাকা থেকে একটি বাইকে তিন যুবক হাতিমোড়ের দিকে যাচ্ছিলেন। মনুয়াগঞ্জ সংলগ্ন তুঁতবাগান এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বড় কন্টেনার গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে বাইকটির। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। গুরুতর আহত হন বাইকের অপর আরোহী।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাতে কন্টেনার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে কিছুটা নীচে নেমে দাঁড়িয়ে পড়ে। শনিবার সকালে ওই এলাকায় ঘন কুয়াশা থাকায় দূর থেকে গাড়িটিকে ঠিকমতো দেখতে পাননি বাইক আরোহীরা, প্রাথমিকভাবে এমনই অনুমান করা হচ্ছে। এর জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত দুই যুবকের নাম কর্ণদেব মণ্ডল ও শুভাশিস ওঁরাও। তাঁরা দু’জনেই রাজগঞ্জের বলাইগছ এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি কলেজের ছাত্র ছিলেন। গুরুতরভাবে আহত যুবকের নাম দীপঙ্কর মজুমদার।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ। আহত দীপঙ্করকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়, যেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শী শুভাশিস সাহা জানান, কুয়াশার কারণে সামনে দাঁড়িয়ে থাকা কন্টেনার গাড়িটি চোখে পড়েনি বাইক-আরোহীদের। দ্রুতগতিতে এসে বাইকটি কন্টেনারে সজোরে ধাক্কা মারে। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement