• facebook
  • twitter
Monday, 25 May, 2026

শান্তিনিকেতনের সোনাঝুরির গাছ বাঁচাতে কাটা হল পরিখা

মুখ্যমন্ত্রীর কড়া মনোভাবে নড়েচড়ে বসল বন দপ্তর

এবারই যে প্রথম এমনটা হল তা নয়। এর আগেও রাজ্য বন দপ্তরের হাতে থাকা শান্তিনিকেতনের সোনাঝুরির গাছপালা বাঁচাতে, জঙ্গলে নির্বিচারে যানবাহনের প্রবেশ বন্ধ করতে, জঙ্গলের পাশ বরাবর পরিখা খনন করা হয়েছিল বন দপ্তরের তরফে।
কিন্তু সে সবের তোয়াক্কা না করে এবং অভিযোগ ওঠে যে বন দপ্তরের কর্মীদের একাংশের সঙ্গে যোগসাজশ  থাকায়, এখানকার সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে বড় বড় গাড়ি প্রবেশ করছে। এর পাশেই রয়েছে বল্লভপুর অভয়ারণ্য  এবং ঝিল। এসবের কারণে এই ঝিলে পরিযায়ী  পাখিদের আনাগোনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
হামেশাই এখানে তীব্র আলো জ্বালিয়ে এবং উচ্চস্বরের শব্দযন্ত্র ব্যবহার করে বিভিন্ন ধারাবাহিকের শুটিংও হচ্ছে। এনিয়ে জাতীয় পরিবেশ আদালতে চলা একাধিক মামলায় রাজ্য সরকারকে ভর্ৎসনার মুখে ও পড়তে হয়েছে। এবার রাজ্য সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক বিভিন্ন কাজেও পরিবর্তন আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মনোভাবের পরে সোমবার  ২৫ মে  সকাল থেকেই বন দপ্তরের আধিকারিকরা শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে  যাতে কোনও যানবাহন প্রবেশ করতে না পারে সে জন্য বুলডোজার  নামিয়ে পরিখা খনন করে দেন।
এখানে কংক্রিটের পিলার বসিয়ে যে সমস্ত বিজ্ঞাপনের বোর্ড বসানো হয়েছিল, তাও উপড়ে ফেলা হয়। এখানে যে সোনাঝুরির হাট বসে, সেখানে দেশ-বিদেশের বহু পর্যটক এসে কেনাকাটা করেন।   বড় বড় গাড়ি প্রবেশ করায় তারা বিরক্তও হতেন। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। বন দপ্তর ধারাবাহিকভাবে এখানে কাজ করলে, এখানকার পরিবেশ তার গৌরব  ফিরে পাবে বলেও এদিন অনেকেই আশা প্রকাশ করেছেন।

Advertisement

Advertisement