• facebook
  • twitter
  • youtube
Friday, 20 November, 2026

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের কাজ

২০২১ সালে সল্টলেকে কলকাতার ভিসা আবেদন কেন্দ্রটির কাজ শুরু হয়। অন্যদিকে, শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত কেন্দ্রটি চালু হয় ২০২২ সালে

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের কাজ

Bangladesh Visa Photo-SNS

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কলকাতা-ভিত্তিক সংস্থা ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে ভিসা পরিষেবা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ নভেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের দুটি ভিসা আবেদন কেন্দ্রে আর কোনও কাজ হবে না।

এই বিষয়ে গত ১৭ নভেম্বর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের কলকাতা ও দার্জিলিং জেলার শিলিগুড়িতে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র দুটির পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের মধ্যে ভিসা পরিষেবা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার ওই চুক্তি আর নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

সেই কারণে ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটিতে কোনও আবেদন জমা না দেওয়ার জন্য আবেদনকারীদের পরামর্শ দিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

পাশাপাশি, নতুন ভিসা আবেদন কেন্দ্রগুলির ঠিকানা এবং সেগুলি পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার নাম শীঘ্রই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Bangladesh Visa Circular Photo-SNS
Bangladesh Visa Circular Photo-SNS

বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে এমন ভারত-সহ বিভিন্ন দেশের নাগরিকদের ক্ষেত্রে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাঁরা কলকাতা ও শিলিগুড়ির বর্তমান ভিসা আবেদন কেন্দ্র দুটির উপর নির্ভরশীল, তাঁদের সমস্যায় পড়তে হতে পারে।

১ ডিসেম্বর থেকে বর্তমান কেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার ফলে নতুন কোনও সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন করে বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে। নতুন করে কোথায় এবং কীভাবে ভিসার আবেদন জমা দিতে হবে, সে বিষয়ে পরবর্তী বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশ উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তিতে ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ রাখা কিংবা সামগ্রিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া স্থগিত করার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অর্থাৎ, আপাতত শুধুমাত্র কলকাতা ও শিলিগুড়ির বর্তমান আবেদন কেন্দ্র দুটির পরিষেবা বন্ধের কথাই জানানো হয়েছে।

উল্লেখ্য, কলকাতা ও শিলিগুড়ির এই দুটি কেন্দ্র থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ করা হয়। পূর্বপুরুষের ভিটে ও আত্মীয়তার সম্পর্কের টানে বহু মানুষ বাংলাদেশে যাতায়াত করেন। পাশাপাশি, পর্যটনের উদ্দেশ্যেও প্রতিবেশী দেশটিতে যান অনেকে।

২০২১ সালে সল্টলেকে কলকাতার ভিসা আবেদন কেন্দ্রটির কাজ শুরু হয়। অন্যদিকে, শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত কেন্দ্রটি চালু হয় ২০২২ সালে।

নতুন ভিসা আবেদন কেন্দ্র এবং আবেদন জমা দেওয়ার পরবর্তী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে আবেদনকারীদের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।