• facebook
  • twitter
  • youtube
Sunday, 27 September, 2026

মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়েই কলকাতায় গা-ঢাকা! দক্ষিণ কলকাতার স্পা থেকে গ্রেপ্তার থাই তরুণী

শহর কলকাতায় থাই স্পা সেন্টারের রমরমা বেড়েছে গত বেশ কয়েকবছর ধরেই। এসব স্পা-এর আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগও উঠেছে।

মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়েই কলকাতায় গা-ঢাকা! দক্ষিণ কলকাতার স্পা থেকে গ্রেপ্তার থাই তরুণী

প্রতীকী চিত্র

মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে কলকাতায় গা-ঢাকা দিয়েছিলেন এক থাই তরুণী। অভিযোগ, দক্ষিণ কলকাতার একটি স্পা সেন্টারের আড়ালে তিনি অবৈধ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই দক্ষিণ কলকাতার অন্যতম বনেদি এলাকা শরৎ বোস রোডের একটি স্পা সেন্টারে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে তিলজলা থানার পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে বলেও জানা গিয়েছে।

শহর কলকাতায় গত কয়েক বছরে থাই স্পা সেন্টারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে একাধিক স্পাকে কেন্দ্র করে অবৈধ কাজকর্মের অভিযোগও উঠেছে। অতীতেও বিভিন্ন অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার পুলিশের জালে ধরা পড়লেন বেআইনিভাবে ভারতে বসবাসরত এক থাই তরুণী।

পুলিশ সূত্রে খবর, শরৎ বোস রোডের ১৫সি নম্বরে ‘সবাই নমস্তে স্পা’ নামে একটি স্পা সেন্টারে রবিবার হানা দেয় পুলিশ। সেখানে ব্যাংককের বাসিন্দা এম সাংসুকনিউত নামে এক থাই মহিলার খোঁজ মেলে। পুলিশি জেরার মুখে তিনি ভারতে বৈধভাবে থাকার কোনও নথি দেখাতে পারেননি।

তদন্তে জানা যায়, তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে টুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন। সেই ভিসার মেয়াদ ২০২১ সালেই শেষ হয়ে যায়। পাশাপাশি তাঁর পাসপোর্টের মেয়াদও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। তা সত্ত্বেও তিনি কলকাতার চৌবাগা এলাকায় বসবাস করছিলেন এবং শরৎ বোস রোডের ওই স্পা সেন্টারে কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ।

বৈধ নথি ছাড়া ভারতে বসবাস ও কাজ করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে পেশের আগে পর্যন্ত তাঁকে টালিগঞ্জ মহিলা থানায় রাখা হয়েছে। তাঁর গতিবিধির উপর সিসিটিভির মাধ্যমে নজর রাখা হচ্ছে। ধৃতের সূত্র ধরে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।