লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং ইন্ডিয়া (INDIA) জোটের অন্যান্য শীর্ষ নেতারা ফের দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের (Supreme Court)। দেশজুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে এবার ৪৮টি সুনির্দিষ্ট প্রশ্ন বা ইন্টারোগেটরিজ (Interrogatories) পেশ করার অনুমতি চাইল বিরোধী শিবির। সোমবার শীর্ষ আদালতে দায়ের করা এই আর্জিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে সরাসরি স্বচ্ছতার অভাবের অভিযোগ তোলা হয়েছে।
কী কী প্রশ্ন তুলল বিরোধী শিবির?
সুপ্রিম কোর্টে জমা দেওয়া নতুন আবেদনে বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে যে ৪৮টি প্রশ্নের হলফনামা-সহ (Affidavit) উত্তর দাবি করেছে, তার মধ্যে অন্যতম হল, ‘এসআইআর’ বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চালুর নির্দেশ কে বা কারা দিয়েছিলেন? অনলাইনে ‘ফর্ম ৬’-এ (Form 6) নতুন ঘোষণাপত্র বা ডিক্লারেশন যুক্ত করার অধিকার কে দিয়েছে? খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা থেকে রাজ্যওয়াড়ি কতজন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যানও তলব করা হয়েছে। এছাড়া, কমিশনের অত্যন্ত জরুরি সিদ্ধান্তগুলো হোয়াটসঅ্যাপ (WhatsApp) বা ব্যক্তিগত ইমেলের মাধ্যমে নেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট করতে বলা হয়েছে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, নাম বাদ দেওয়ার ক্ষেত্রে সব রাজ্যে সমান আইনি পদ্ধতি মেনে চলা হয়েছিল কি না এবং নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ভোটারদের যথাযথ আইনি নোটিশ দেওয়া হয়েছিল কি না।
নিশানায় জ্ঞানেশ
রাহুল গান্ধীদের মূল অভিযোগের তির মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমারের দিকে। বিরোধীদের প্রশ্ন, দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের মতো এত বড় একটি সিদ্ধান্ত কি নির্বাচন কমিশন যৌথভাবে নিয়েছিল, নাকি অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশীর অজান্তে বা তাঁদের সম্মতি ছাড়াই মুখ্য নির্বাচন কমিশনার এককভাবে এই ক্ষমতার প্রয়োগ করেছিলেন? বিরোধীদের দাবি, এই প্রক্রিয়ার জেরে দেশের দরিদ্র, দলিত, সংখ্যালঘু এবং পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে।
মামলার প্রেক্ষাপট
এর আগে গত ১২ অক্টোবর নির্বাচন কমিশনের কাজকর্মে স্বচ্ছতার অভাব এবং বেআইনিভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মূল মামলাটি দায়ের করেছিলেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতৃত্ব। সেখানে নির্বাচন কমিশনের ইসিআইনেট (ECINET) এবং ইআরওনেট (ERONET) সিস্টেমের অ্যাক্সেস লগ এবং কমিশনারদের অভ্যন্তরীণ ফাইল খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল। সেই মামলায় শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নোটিশ পাঠায়। ওই নোটিশের প্রেক্ষিতে কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার যে পাল্টা হলফনামা (Counter-affidavit) জমা দিয়েছেন, তার ভিত্তিতেই এবার এই ৪৮টি প্রশ্ন জমা দেওয়ার আইনি অনুমতি চাইল ইন্ডিয়া জোট। মঙ্গলবার, ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।




