প্রায় ১৬৫ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় বড়সড় মোড়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক শাখার তৎকালীন চিফ ম্যানেজার তথা রিলেশনশিপ ম্যানেজার জ্যোতি রঞ্জন কানুনগোকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি উদয় কুমার এই নির্দেশ দেন। সিবিআইয়ের দায়ের করা রিভিশন মামলার শুনানিতে হাইকোর্ট জানায়, অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার সময় নিম্ন আদালত কার্যত একটি ‘মিনি ট্রায়াল’ চালিয়েছে। অভিযোগ গঠনের আগের পর্যায়ে যে ধরনের বিস্তারিত প্রমাণ বিচার-বিশ্লেষণের প্রয়োজন ছিল না, নিম্ন আদালত সেই কাজই করেছে।
মামলার অভিযোগ, এসবিআই থেকে বেআইনি উপায়ে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছিল। এর জন্য ব্যবহার করা হয়েছিল একাধিক অননুমোদিত অ্যাকাউন্ট। পর্যাপ্ত আর্থিক ভিত্তি ছাড়াই বিভিন্ন সংস্থার মধ্যে অর্থের লেনদেন এবং বিপুল পরিমাণ বকেয়া ঋণের তথ্য আড়াল করতে স্বাক্ষরিত মাসিক রিপোর্ট। এই ঘটনায় ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ ১৬৪.৯৯ কোটি টাকারও বেশি বলে দাবি সিবিআইয়ের।
তদন্তকারী সংস্থার অভিযোগ, মেসার্স শ্রী মহালক্ষ্মী কর্পোরেশন প্রাইভেট লিমিটেড-কে বিপুল পরিমাণ ঋণ ও ক্রেডিট সুবিধা পাইয়ে দিতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন কানুনগো। সরকারি পদমর্যাদার অপব্যবহার করে তিনি এই আর্থিক জালিয়াতিতে সাহায্য করেছিলেন বলেও অভিযোগ।
হাইকোর্টে সিবিআইয়ের বিশেষ সরকারি আইনজীবী অমজিত দে নথিপত্র, অডিট ট্রেল এবং বিভিন্ন লগের উল্লেখ করে জানান, আর্থিক লেনদেনের অসঙ্গতিগুলি নিছক প্রশাসনিক ভুল ছিল না। বরং বিপুল অঙ্কের ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্তের সচেতন ও সক্রিয় ভূমিকার ইঙ্গিত রয়েছে।
অন্যদিকে, কানুনগোর আইনজীবীদের দাবি ছিল সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তাঁর আগে থেকে কোনও সম্পর্ক বা ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল না। ঋণের মূল্যায়ন এবং পুনর্গঠনের প্রস্তাবগুলি ব্যাঙ্কের নিয়ম মেনেই করা হয়েছিল। উপরন্তু, একাধিক উচ্চপদস্থ আধিকারিক এমনকী ডেপুটি জেনারেল ম্যানেজারের অনুমোদন ও স্বাক্ষরও ছিল সেই প্রক্রিয়ায়।
তবে এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি হাইকোর্ট। বিচারপতি উদয় কুমার পর্যবেক্ষণে জানান, নথিপত্র ও প্রাথমিক প্রমাণে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং সরকারি পদের অপব্যবহারের গুরুতর সন্দেহ তৈরি হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩(২) এবং ১৩(১)(ডি) ধারাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তি রয়েছে বলে মনে করেছে আদালত।
বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগ গঠনের আগের পর্যায়ে সাক্ষীদের বক্তব্য, অভ্যন্তরীণ অডিটের খুঁটিনাটি এবং বিভাগীয় সতর্কবার্তার প্রমাণমূল্য নিয়ে এত গভীর বিচার-বিশ্লেষণ করা নিম্ন আদালতের এক্তিয়ারের বাইরে। এতে বিচারপ্রক্রিয়ার আগেই কার্যত মামলার চূড়ান্ত মূল্যায়ন করে ফেলা হয়েছিল।
হাইকোর্টের নির্দেশ, কানুনগোর বিরুদ্ধে অব্যাহতির নির্দেশ বাতিল করে স্পেশাল সিবিআই মামলা নম্বর ০২/২২ পুনরায় চালু করতে হবে। ভারতীয় দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের উপযুক্ত ধারায় অবিলম্বে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করতে হবে। এর পাশাপাশি, মামলার বাকি অভিযুক্তদের সঙ্গে একইসঙ্গে তাঁর বিচারপ্রক্রিয়া চালানোর নির্দেশও দিয়েছে আদালত। কানুনগোর পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী অরিত্র ভট্টাচার্য, সপ্তর্ষি বসু এবং সুমন দত্ত।




