• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী আসার আগেই বড় অপরাধের ছক, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার দুষ্কৃতী

ধৃত দুষ্কৃতীর বাড়ি কৃষ্ণনগরের মালোপাড়ায়। সৈকত হালদারের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে

কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী আসার আগেই বড় অপরাধের ছক, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার দুষ্কৃতী

Criminal Arrested File Photo

রাজ্যে এখন উৎসবের মরশুম। দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা মিটে গেলেও ছটপুজো এবং তারপর জগদ্ধাত্রী পুজো রয়েছে। এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে কৃষ্ণনগরে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই এখানে বড় অপরাধ করার ছক কষা হয়েছিল। সেই ছক রবিবার বানচাল করে দিল পুলিশ। জগদ্ধাত্রী পুজোর জেরে ভিড় হবে এখানে। সেই ভিড়ে গুলি চালানোর পরিকল্পনা ছিল কয়েকজন দুষ্কৃতীর। গোপন সূত্রে খবর পেয়ে তা ভেস্তে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই অপরাধের যে মাথা তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে সেজে উঠেছে কৃষ্ণনগর। সেটার সুযোগ নিয়েই বড় কোনও অপরাধের ছক কষা হয়েছিল বলে অভিযোগ। দুষ্কৃতীদের পরিকল্পনা বানচাল করতে কোতোয়ালি থানার পুলিশ নিরাপত্তা নিশ্ছিদ্র করেছে। প্রশাসনের তৎপরতায় গ্রেপ্তার হয়েছে কুখ্যাত দুষ্কৃতী সৈকত হালদার ওরফে ডাকু। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ডাকুর নেতৃত্বেই এখানে বড় অপরাধ ঘটিয়ে বহু মানুষকে মেরে ফেলার ছক কষা হয়েছিল। সেটাই পুলিশ গোপন সূত্রে জানতে পেরে অ্যাকশন মুডে নেমে পড়ে। আর গ্রেপ্তার করে সৈকত হালদার ওরফে ডাকুকে।

পুলিশ সূত্রে খবর, ধৃত দুষ্কৃতীর বাড়ি কৃষ্ণনগরের মালোপাড়ায়। সৈকত হালদারের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গুলি করে খুনের চেষ্টার অভিযোগেও আগে গ্রেপ্তার হয়েছিল সে। জগদ্ধাত্রী পুজোর মরশুমে একই অপরাধ করতে ছক কষেছিল সে। কিন্তু তা ভেস্তে গিয়েছে এবং পুলিশের জালে উঠল ডাকু। এই ডাকুর একটি দলও আছে। তাদেরকে সঙ্গে নিয়েই অপরাধ সংগঠিত করার পরিকল্পনা করেছিল সে। শনিবার বেশি রাতে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পিছনে হনুমান মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই সৈকত হালদার ওরফে ডাকুকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান সাটার এবং এক রাউন্ড গুলি। রবিবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়।

তাছাড়া আগামী ১৭ নভেম্বর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার প্রস্তুতি তুঙ্গে উঠেছে। এই শহরের অন্যতম বড় উৎসব জগদ্ধাত্রী পুজো। সেটা যাতে কোনওরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয় তা নিশ্চিত করাও পুলিশের কাজ। তাই নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। আর সমাজবিরোধী এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ।