• facebook
  • twitter
  • youtube
Sunday, 15 November, 2026

বইমেলার আগেই কলকাতার বইপাড়ায় ‘মিনি বইমেলা’ সিপিএমের, ১৭ নভেম্বর থেকে ‘বইয়ের আসর’

বইমেলার আগেই কলকাতার বইপাড়ায় ‘মিনি বইমেলা’র আয়োজন করছে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিটের উদ্যোগে আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর

বইমেলার আগেই কলকাতার বইপাড়ায় ‘মিনি বইমেলা’ সিপিএমের, ১৭ নভেম্বর থেকে ‘বইয়ের আসর’

প্রতীকী ছবি (Photo@Arnab Biswas/SNS Web)

বইমেলার আগেই কলকাতার বইপাড়ায় ‘মিনি বইমেলা’র আয়োজন করছে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিটের উদ্যোগে আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর মহাবোধি সোসাইটি হলে বসতে চলেছে ‘বইপাড়ায় বইয়ের আসর’। মূল উদ্যোক্তা সিপিএমের প্রকাশনী সংস্থা ন্যাশনাল বুক এজেন্সি। এই আয়োজনে কলকাতার একাধিক পরিচিত প্রকাশনা সংস্থা অংশ নেবে। রাজ্য সরকারের বইবিরোধী মনোভাবের প্রতিবাদেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

দুর্গাপুজোর সময় থেকেই রাজ্যে বইয়ের স্টল ঘিরে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। বিভিন্ন জায়গায় বামেদের বইয়ের স্টলে হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বইকেই হাতিয়ার করে নতুন উদ্যোগ সিপিএমের। বইমেলার আগে এই আয়োজনের মাধ্যমে পাঠক ও বইয়ের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করতে চাইছে দল।

ন্যাশনাল বুক এজেন্সির পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি নামী প্রকাশনা সংস্থা এই বইয়ের আসরে অংশ নেবে। সাহিত্য, ইতিহাস, রাজনীতি-সহ বিভিন্ন বিষয়ের বই নিয়ে হাজির হবেন প্রকাশকরা। ফলে একই জায়গায় একাধিক প্রকাশনা সংস্থার বই দেখার ও কেনার সুযোগ পাবেন পাঠকরা।

উদ্যোক্তাদের বক্তব্য, বইয়ের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো এবং পাঠাভ্যাসকে আরও প্রসারিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের আলাদা তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, পুজোর মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের বইয়ের স্টল ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। কোথাও হুমকি, কোথাও ভাঙচুরের অভিযোগ সামনে আসে। সেই ঘটনার প্রতিবাদে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক পরিসরেও পাল্টা উদ্যোগ নিচ্ছে সিপিএম। ‘বইপাড়ায় বইয়ের আসর’ সেই প্রচেষ্টারই নতুন সংযোজন।